☰
✕

ছাঁটাই হতে পারেন ম্যান ইউনাইটেডের ১১ ফুটবলার!

১২ নভেম্বর, ২০২৬

ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বর্তমান কোচ মাইকেল ক্যারিককে সরিয়ে আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। কোচ পরিবর্তনের পাশাপাশি দল পুনর্গঠনের পরিকল্পনাও করছে রেড ডেভিলরা। এর অংশ হিসেবে ২০২৭ সালের মধ্যে অন্তত ১১ জন ফুটবলারকে ছেড়ে দিতে পারে ইংলিশ ক্লাবটি।

দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, পচেত্তিনোকে ওল্ড ট্র্যাফোর্ডে নিয়ে আসার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। বর্তমানে যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচের দায়িত্বে থাকা এই আর্জেন্টাইনও ইউনাইটেডের কোচ হতে আগ্রহী। ব্যক্তিগত শর্ত নিয়ে দুই পক্ষের আলোচনাও অনেক দূর এগিয়েছে। ফলে এ বিষয়ে বড় কোনো জটিলতার আশঙ্কা নেই।

তবে পচেত্তিনোকে পেতে যুক্তরাষ্ট্রের ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে হবে ইউনাইটেডকে। পাশাপাশি তার চুক্তিতে থাকা রিলিজ ক্লজের অর্থও পরিশোধ করতে হবে ক্লাবটিকে।

এদিকে ক্যারিংটনে এখনো দলের অনুশীলন পরিচালনা করছেন ক্যারিক। তবে যেকোনো সময় তার বরখাস্তের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলতি মৌসুমে মাঠের পারফরম্যান্সে একেবারেই হতাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে রেলিগেশন জোনের ঠিক ওপরে ১৮ নম্বরে রয়েছে দলটি। কারাবাও কাপ থেকেও শুরুতেই বিদায় নিতে হয়েছে তাদের। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে প্রথম চার ম্যাচের মধ্যে জয় পেয়েছে মাত্র দুটিতে। আন্তর্জাতিক বিরতি শেষে পরবর্তী ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে রেড ডেভিলরা।

দলের এমন ব্যর্থতায় কোচ ক্যারিকের পাশাপাশি খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠছে। এরই মধ্যে দল পুনর্গঠনের অংশ হিসেবে একাধিক ফুটবলারকে বিদায় জানানোর পরিকল্পনার খবর সামনে এসেছে।

ক্রীড়া সাংবাদিক ডিন জোন্সের প্রতিবেদন অনুযায়ী, লুক শ, ব্রুনো ফার্নান্দেজ, মার্কাস রাশফোর্ড ও মানুয়েল উগার্তেসহ অন্তত ১১ জন ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছে ক্লাব কর্তৃপক্ষ।    

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ১ লাখ ২৫ হাজারের বেশি অনুসারী থাকা এই সাংবাদিক জানান, লুক শ, হ্যারি ম্যাগুইয়ার, লিসান্দ্রো মার্তিনেজ ও ব্রুনো ফার্নান্দেজের চুক্তির মেয়াদ ২০২৭ সালে শেষ হবে। অর্থাৎ, তারা সবাই বর্তমানে চুক্তির শেষ বছরে রয়েছেন।

এ ছাড়া ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকা মার্কাস রাশফোর্ড, ডিয়োগো দালোত, মেসন মাউন্ট ও নুসাইর মাজরাউইকে নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে ইউনাইটেডকে। পাশাপাশি জশুয়া জির্কজি, ম্যাথিয়াস ডি লিখট ও মানুয়েল উগার্তের ভবিষ্যৎ নিয়েও আলোচনা প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।

ডিন জোন্সের ভাষ্য অনুযায়ী, ক্লাবের অভ্যন্তরীণ সূত্রগুলো থেকে পাওয়া ইঙ্গিত বলছে, নতুন খেলোয়াড়দের জায়গা করে দিতে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে ইউনাইটেড। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারা এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হওয়া ফুটবলারদের বিষয়ে এবার কঠোর সিদ্ধান্ত নিতে পারে কর্তৃপক্ষ।

সব মিলিয়ে কোচ পরিবর্তনের পাশাপাশি খেলোয়াড়দের তালিকাতেও বড়সড় রদবদল আসতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে।