১২ নভেম্বর, ২০২৬
কুমিল্লার দাউদকান্দিতে ছয়টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এ সময় পাঁচটি অবৈধ রাইজার স্থায়ীভাবে কর্তন করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্টে ১৪ জনকে মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার তুজারভাঙা ও তালতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিডিসিএলের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ।
অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ এবং বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০২৬-এর বিধান লঙ্ঘন করে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ ও অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি স্থানে মোট ৪৬টি ডাবল বার্নার আবাসিক গ্যাস সংযোগ পরিদর্শন করা হয়।
পরিদর্শনে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার দায়ে ২৩টি ডাবল বার্নারের পাঁচটি সংযোগ এবং অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে একটি ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া অবৈধ গ্যাস ব্যবহার ও সংশ্লিষ্ট অপরাধে ১৪ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত প্রায় ৮০০ ফুট হোস পাইপ ও ২০০ ফুট এমএস পাইপ অপসারণ করা হয়। পাশাপাশি পাঁচটি অবৈধ রাইজার স্থায়ীভাবে কর্তন করা হয়।
অভিযানে বিজিডিসিএলের ভিজিল্যান্স, গৌরীপুর এরিয়া বিতরণ কার্যালয়, ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেফটি অ্যান্ড সিকিউরিটি ও জনসংযোগ বিভাগের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মচারীরা অংশ নেন।