☰
✕

প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ

১৩ নভেম্বর, ২০২৬

পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার (রিসাইক্লিং) কার্যক্রম জোরদারের উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা। 

এ লক্ষ্যে সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) বিষয়ে অংশীজনদের নিয়ে আজ এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে সমুদ্র সৈকতের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি সামুদ্রিক প্রাণি ও উপকূলীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ সমস্যা মোকাবিলায় বর্জ্য উৎপত্তিস্থল থেকে পৃথকীকরণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহ এবং জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।
তারা বলেন, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে পৌরসভার পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, পরিবেশকর্মী ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ জরুরি।

সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসিন সাদেক।

উপস্থিত ছিলেন পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা পৌর বিএনপি’র জ্যেষ্ঠ সহ সভাপতি জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সভাপতি কে এম বাচ্চু এবং প্লাস্টিক ব্যবসায়ী সিরাজুল সিকদার ও নাজমা বেগম।

এছাড়া উত্তরণ, গুড নেইবারস, আবাস ও গ্রাম বাংলাসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকরা জানান, প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার মাধ্যমে কুয়াকাটাকে টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।