১৩ নভেম্বর, ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৩টা ৪ মিনিটের দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তারা দুজনই ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার বাসিন্দা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে মোটরসাইকেলটিকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
তিনি জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
সড়ক দুর্ঘটনা এড়াতে যানবাহনের নির্ধারিত গতিসীমা মেনে চলা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার এবং ট্রাফিক আইন অনুসরণের পাশাপাশি চালক ও যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।