☰
✕

শিশুর খাওয়ার অভ্যাস নিয়ন্ত্রণে রাখতে যে ভুল করবেন না

১৩ নভেম্বর, ২০২৬

শিশু বারবার খাবার চাইছে, পরের নাশতার সময় জানতে চাইছে কিংবা পছন্দের খাবার না পেলে অস্থির হয়ে পড়ছে—এমন আচরণ অনেক অভিভাবকের কাছেই পরিচিত। কেউ কেউ আবার খাবার লুকিয়ে রাখে বা সুযোগ পেলেই অতিরিক্ত খাওয়ার চেষ্টা করে।

শিশুর এমন আচরণের পেছনে থাকতে পারে খাবার নিয়ে অতিরিক্ত চিন্তা, যাকে বলা হয় ‘ফুড নয়েজ’ (Food Noise)।

শিশুরা শারীরিক ক্ষুধা না থাকলেও অনেক সময় খাবার নিয়ে অতিরিক্ত চিন্তা করতে পারে। এ ক্ষেত্রে অভিভাবকদের কিছু আচরণ অনিচ্ছাকৃতভাবে সমস্যাটি আরও বাড়িয়ে দিতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘সাইকোলজি টুডে’র প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, খাবারের বিষয়ে নির্দিষ্ট নিয়ম, শিশুর ক্ষুধা ও পেট ভরে যাওয়ার সংকেত বোঝার সুযোগ এবং খাবার নিয়ে ইতিবাচক মনোভাব তৈরির মাধ্যমে এই প্রবণতা কমাতে সাহায্য করতে পারেন অভিভাবকেরা।

খাবারের সময়সূচি নির্দিষ্ট না করা

শিশুরা সাধারণত নিয়ম মেনে চলতে স্বাচ্ছন্দ্যবোধ করে। খাবারের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সূচি থাকলে তারা বুঝতে পারে কখন আবার খাওয়ার সুযোগ আসবে। প্রতিবেদনে প্রতিদিন তিন বেলা প্রধান খাবারের পাশাপাশি এক থেকে দুইবার নির্ধারিত সময়ে হালকা নাশতা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ছোট শিশুদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নাশতারও প্রয়োজন হতে পারে।

খাবারের সময়সূচি নির্দিষ্ট থাকলে পরবর্তী খাবার কখন পাওয়া যাবে, তা নিয়ে শিশুর দুশ্চিন্তা কমতে পারে। এ জন্য বাড়ির এমন কোনো জায়গায় সময়সূচি লিখে রাখা যেতে পারে, যেখানে পরিবারের সবাই সহজেই দেখতে পাবে।

শিশুর ক্ষুধা ও পেট ভরার সংকেত উপেক্ষা করা

শিশু কতটুকু খাবার খাবে, তা সব সময় অভিভাবক ঠিক করে দিলে নিজের ক্ষুধা ও পেট ভরে যাওয়ার সংকেত বোঝার ক্ষমতা কমে যেতে পারে। যেমন—পেট ভরে যাওয়ার পরও প্লেটের সব খাবার শেষ করতে বাধ্য করা কিংবা পছন্দের খাবার বেশি খাওয়ার কারণে বকাঝকা করা।

এ ধরনের আচরণ শিশুর স্বাভাবিক খাওয়ার অভ্যাসে প্রভাব ফেলতে পারে।

তাই নির্ধারিত খাবারের সময়ে কী খাবার দেওয়া হবে, তা অভিভাবকেরা ঠিক করলেও কতটুকু খাবে, সে বিষয়ে শিশুকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত। বয়স উপযোগী হলে নিজের প্লেটে খাবার নেওয়ার অভ্যাসও গড়ে তোলা যেতে পারে।

শুরুতে শিশু প্রয়োজনের তুলনায় বেশি খেতে পারে। তবে ধীরে ধীরে নিজের ক্ষুধা ও পেট ভরে যাওয়ার অনুভূতি বুঝতে শেখার সুযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।

খাবারকে ভালো-মন্দের তকমা দেওয়া

অনেক অভিভাবক খাবারকে স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর কিংবা ভালো ও খারাপ—এমন দুই ভাগে ভাগ করেন। শিশুদের সামনেও এসব খাবার নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। কিন্তু এতে উল্টো ফল হতে পারে।

যে খাবারকে বারবার নিষিদ্ধ করা হয়, শিশুর কাছে সেটির আকর্ষণ আরও বেড়ে যেতে পারে। যেমন, বাড়িতে বিস্কুট বা কুকিজ খাওয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা থাকলে শিশুর কাছে সেগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

তাই খাবার নিয়ে শিশুর সঙ্গে কথা বলার সময় নিরপেক্ষ ও ইতিবাচক ভাষা ব্যবহার করা ভালো। বোঝানো যেতে পারে, শরীরের বৃদ্ধি ও সুস্থতার জন্য বিভিন্ন ধরনের খাবার প্রয়োজন। কিছু খাবার প্রতিদিন খাওয়া যায়, আবার কিছু খাবার মাঝেমধ্যে খাওয়া যায়।

শিশুর খাবার নিয়ে অতিরিক্ত চিন্তা কমানোর অর্থ তাকে খাবার নিয়ে কম ভাবতে শেখানো নয়। বরং এমন পরিবেশ তৈরি করা, যেখানে খাবার কখন পাওয়া যাবে বা পর্যাপ্ত খাবার মিলবে কি না—এসব নিয়ে তাকে অতিরিক্ত দুশ্চিন্তা করতে না হয়।

অভিভাবকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাবারের বিষয়ে নিয়ম বজায় রাখা, শিশুর ক্ষুধার সংকেতকে গুরুত্ব দেওয়া এবং খাবার নিয়ে অযথা ভয় বা অপরাধবোধ তৈরি না করা।