১৪ নভেম্বর, ২০২৬
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে ছুরিকাঘাতে মো. বেলাল উদ্দিন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে এসে বাঁচার আকুতি জানান তিনি। এ ঘটনায় মো. আলম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
আহত বেলাল উদ্দিন ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতে আহত হওয়ার পর রক্তাক্ত অবস্থায় ‘ফটিকছড়ি সংলাপথ নামে একটি ফেসবুক পেজ থেকে লাইভে আসেন বেলাল উদ্দিন। এ সময় কান্নাজড়িত কণ্ঠে তাঁকে বাঁচানোর আকুতি জানাতে দেখা যায়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আটক মো. আলম উপজেলার লেলাং ইউনিয়নের হাদিনগর এলাকার বাসিন্দা আজিজুল হকের ছেলে।
ফেসবুক লাইভে বেলাল উদ্দিন অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ফটিকছড়ির উত্তর রাঙ্গামাটিয়া এলাকার কসাই শামসুর এক ভাই তাকে ছুরিকাঘাত করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
আহত বেলাল উদ্দিনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। প্রকাশ্যে ছুরিকাঘাত করে কাউকে গুরুতর আহত করার অধিকার কারও নেই। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।