☰
✕

বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে, দিশেহারা বর

১৪ নভেম্বর, ২০২৬

রংপুরে বিয়ের কনে সেজে বর পক্ষের চার ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কনে পক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা হলে পুলিশ তিনদিনেও রহস্য উদঘাটন করতে পারেনি। তবে পুলিশ বলছে, তদন্তের অগ্রগতি হয়েছে। খুব দ্রুত সবকিছু পরিষ্কার হবে।

 
জানা গেছে, গত বুধবার ৪২ জন বরযাত্রী নিয়ে হবিগঞ্জ থেকে রংপুর নগরীর কমিউনিটি সেন্টারে বিয়ে করতে আসেন প্রবাসী ফয়ছল আহমেদ। কিন্তু বিয়ের আগে চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যান কনে এবং তার সাথে থাকা স্বজনেরা। ফলে বিয়ে না করেই চলে যেতে হয় বর পক্ষকে। এ ঘটনায় প্রতারণা ও চুরির অভিযোগে বৃহস্পতিবার রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করেছেন বর ফয়ছল আহমেদ। মামলায় সুমি আক্তার (২৬), তার স্বামী সুভাষ আহমেদ (৩৫) ও কনে শ্যামলা খাতুনকে (১৯) আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও বরপক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফয়ছল আহমেদ ব্রুনেই প্রবাসী। পাঁচ মাস আগে দেশে আসেন তিনি। তার বাড়ি হবিগঞ্জ জেলা সদরের মাছুলিয়া গ্রামে। বিয়ের পর তার আবার বিদেশে যাওয়ার কথা ছিল। বরের বোনের সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। 
বরের বোন তামান্না বেগম গণমাধ্যমকে জানায়, বিয়ের আগে বরের পক্ষ থেকে কনেকে চার ভরি স্বর্ণালংকার দেওয়া হয়। এর মান যাচাই করতে কনের বোন হিসেবে পরিচয় দেওয়া তিন নারী আগ্রহ দেখান। এরপর বর, তার দুই বোন, ভগ্নিপতি, বাবা এবং কনের বোনের পরিচয় দেওয়া তিন নারী ও কনেকে নিয়ে নগরের একটি জুয়েলারি দোকানে যাওয়া হয়। সেখানে স্বর্ণালংকারের মান যাচাই করা হয়। মান ঠিক পেয়ে পরে কনেকে সাজানোর জন্য নগরীর একটি বিউটি পারলারে নেওয়া হয়। বিউটি পারলারে বর ফয়ছল দুই বোনকে রেখে দার বাবা ও ভগ্নিপতিকে নিয়ে বিয়ের বাকি কেনাকাটা করতে যান।  এ সময় কনেকে স্বর্ণালংকার পরিয়ে বিয়ের সাজে একটি রিকশায় তোলা হয়। সঙ্গে ওঠেন কনের বোন পরিচয় দেওয়া একজন। অন্য একটি অটোরিকশায় ওঠেন বরের দুই বোন ও কনের বোন পরিচয় দেওয়া আরও দুজন। এরপর কনেকে নিয়ে যাওয়া রিকশাটি আর খুঁজে পাওয়া যায়নি।
অপর অটোরিকশাটি রংপুর নগরী থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে একটি বটগাছের নিচে গিয়ে থামানো হয়। সেখানে তারা অটোরিকশা থেকে নামেন। এরপর অটোরিকশাটি ছেড়ে দেওয়া হয়। বরের দুই বোনকে রাস্তায় অপেক্ষায় রেখে কনের বোন হিসেবে পরিচয় দেওয়া দুই নারী পালিয়ে যান। দীর্ঘ সময় অপেক্ষার পরে তারা ফিরে না আসায় দুই বোন শহরে চলে আসেন। 

কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক  বলেন, বুধবার সকালে বাসভর্তি লোকজন কিছুটা দূরে রেখে কনেপক্ষের পরিচয় দেয়া তিনজন তাদের কাছে আসেন। তারা জানান, মেয়ের বিয়েতে বরসহ ১০ থেকে ১২ জন আসার কথা ছিল। কিন্তু ৪২-৪৩ জন চলে এসেছেন। এ কারণে তারা কমিউনিটি সেন্টার ভাড়া নিতে চান। ৪২ হাজার টাকা ভাড়া নির্ধারণ হলেও তারা কোন টাকা দেননি। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বলেন, তদন্তের অগ্রগতি হয়েছে। খুব দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।