☰
✕

বিশ্ব ডায়াবেটিস দিবসে গোবিন্দগঞ্জে নানা কর্মসূচি

১৪ নভেম্বর, ২০২৬

 

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’- প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের মহিমাগঞ্জ সড়কে সমৃদ্ধি ডায়াগনস্টিক অ্যান্ড গোবিন্দগঞ্জ ডায়াবেটিক সেন্টারের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিস রোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হেলেনা আক্তার ও সাফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ারুল হক।

সভাপতির বক্তব্যে ডায়াবেটিসের ভয়াবহতা, সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ প্রক্রিয়া ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. সাজেদুল ইসলাম।

বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।

পরে ডায়াবেটিক সেন্টারের সামনে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং ডাক্তারি পরামর্শ দেওয়া হয়।