১৪ নভেম্বর, ২০২৬
ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য নিরাপদ। বিএনপি একটি অসাম্প্রদায়িক চেতনার দল। সবাইকে নিয়ে বিএনপি একটি সুন্দর, সম্প্রীতিময় ও উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর।
শুক্রবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চরম্বা ইউনিয়নের বিবিবিলা শান্তি বিহারে কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার মসজিদের পাশাপাশি মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ের বরাদ্দ সমানভাবে বণ্টনের নীতি অনুসরণ করছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই নীতিকে সামনে রেখে সরকার কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, তা নিশ্চিত করা বর্তমান সরকারের অঙ্গীকার।
বিবিবিলা শান্তি বিহারের সাধারণ সম্পাদক রাজিব কান্তি বড়ুয়ার সঞ্চালনায় ও ভদন্ত রত্মানন্দ মহাথেরের সভাপতিত্বে চীবর দানোৎসবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া ইউএনও বায়েজীদ বিন আখন্দ, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিনসহ আরও অনেকে।