☰
✕

মহেশপুরে ১৯৪ বোতল ভারতীয় সিরাপ ও মদ জব্দ করেছে বিজিবি

১৪ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯৪ বোতল ভারতীয় সিরাপ ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিকেল থেকে ভোর পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৬-এমপি থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের দলিল মিয়ার আমবাগানে অভিযান চালানো হয়। সুবেদার আলী হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫৪ বোতল ভারতীয় উইন সেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

এ ছাড়া শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৪/১-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাকরাইল সড়কের পাশ থেকে ৯৫ বোতল ভারতীয় এসকুফ কফ সিরাপ উদ্ধার করা হয়। হাবিলদার সঞ্জয় কুমার সিংহের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

একই দিন রাত আড়াইটার দিকে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৪/২-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিংনগর হালদারপাড়া গ্রামের একটি কলাবাগানের পাশ থেকে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। হাবিলদার. হেমায়েতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনটি অভিযানে উদ্ধার করা মাদকের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবির) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে