১৪ নভেম্বর, ২০২৬
সবসময় সবকিছুতে হ্যাঁ বলাটা অধিকাংশ মানুষের সমস্যা। নিজের প্রয়োজনীয়তার কথা ভেবে চাইলেও তারা কাউকে না বলতে পারেন না। নিজের চেয়ে অন্যের মনোরঞ্জন বা কাউকে নিরাশ করার ভয়েই মূলত এমনটি ঘটে। তবে সাহস করে একবার যদি কাউকে না বলে ফেলেন, তখন আবার শুরু হয়ে যায় নতুন যন্ত্রণা-অপরাধবোধের। এর থেকে বাঁচার কী কোনো উপায় আছে? চলুন জেনে নিই-
মনোবিদরা বলছেন, সামাজিক জীব হিসেবে মানুষের জন্য অন্য কাউকে হতাশ করার চিন্তাটা মেনে নেওয়া কঠিন। এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে বলেও জানান তারা। কারণগুলো হলো-
প্রত্যাখ্যান বা দ্বন্দ্বের ভয়
অনেক মানুষ ভাবেন, কোনো কাজে ‘না’ বলে ফেললে অপর ব্যক্তি তাকে স্বার্থপর ভাবতে পারেন। অথবা অসন্তুষ্ট হয়ে তিনি সম্পর্কের অবনতিও ঘটাতে পারেন।
‘ভালো মানুষ’ হওয়ার অদৃশ্য চাপ
আমাদের সমাজ ও পারিপার্শ্বিক ধারণার ভিত্তিতে ভালো মানুষ মানেই নিজের কথা বাদ দিয়ে সবসময় অন্যের উপকারে আসা। এই বদ্ধমূল ধারণার কারণে মানুষ নিজেকে অন্যের কাছে ভালো হিসেবে তুলে ধরার এক অদৃশ্য সামাজিক ও মানসিক চাপে থাকেন।
অন্যের ক্ষোভের জন্য নিজেকে দোষী ভাবা
আপনার সিদ্ধান্ত শুনে কেউ কেউ অখুশি হতেই পারে। অনেকে অপর ব্যক্তির এই হতাশাকে নিজের বড় কোনো ভুল বলে ভেবে নেন। না বলার পেছনে আপনার সঠিক কারণ থাকা সত্ত্বেও এই ধরণের অস্বস্তি বা গিল্ট আপনার নতুন অভ্যাসের অভাব ছাড়া আর কিছু নয়।
এ ধরনের সমস্যা সমাধানে মনোবিজ্ঞানীদের পরামর্শ
কথা দেওয়ার আগে ভেবে নেওয়া: কাউকে কোনো কথা দেওয়ার ভেবে নিন, সেটি আপনার ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে বা সেই কথাটি আপনি রাখতে পারবেন কি-না। কারো কোনো অনুরোধে সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলবেন না। কিছুটা সময় নিয়ে ভাবুন সেই কাজটি করার জন্য আপনার হাতে পর্যাপ্ত সময় বা ইচ্ছা রয়েছে কি না।
নম্রভাবে স্পষ্ট করে না বলুন
আপনি কেন কারো অনুরোধ রাখতে পারছেন না সে ব্যাখ্যায় যাওয়ার প্রয়োজন নেই। সহজভাবে বলুন, ‘আমি দুঃখিত, এই মুহূর্তে এ কাজটি করা আমার পক্ষে সম্ভব না।’
নিজের অপরাধবোধকে প্রশ্ন করুন
না বলার জন্য বা না বলার পর বারবার কেন অপরাধবোধে ভুগছেন সেটি বোঝার চেষ্টা করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি সত্যিই কি কোনো ভুল করেছেন, নাকি শুধু অন্য কেউ হতাশ হতে পারে-এই ভেবে আপনার খারাপ লাগছে।
আপনার সঙ্গে সবাই একমত হবে না
সবসময় সবার মতামত আপনার সঙ্গে মিলবে বা অন্য সবার মতামত আপনার পছন্দ হবে এমনটি নয়। আপনার কোনো সিদ্ধান্তে অন্য কেউ অসন্তুষ্ট মানেই এই নয় আপনি অন্যায় কিছু করেছেন।
সম্পর্কের সীমারেখা টেনে দিন
কেউ কিছু বলার সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ বলার নিজের পছন্দের কথা জানানো, অতিরিক্ত কোনও দায়িত্ব না নেওয়া কিংবা সিদ্ধান্ত জানানোর আগে একটু সময় চেয়ে নিন। তারপর ভালো করে ভেবেচিন্তে আপনার জবাব জানান।
পরিস্থিতি বিবেচনা করুন
সব পরিস্থিতিতে মুখের উপর ‘না’ বলাটাও কঠিন। আবার হুট করে হ্যাঁ বলে ফেলাটাও নিজের ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। তাই সততার সঙ্গে সিদ্ধান্ত নিন। শুরুতে বিষয়টি কঠিন মনে হলেও একদিন সবকিছু সহজ হয়ে যাবে।
বিশেষজ্ঞের সহায়তা নিন
এই অপরাধবোধ যদি আপনার দৈনন্দিন জীবনযাপনকে বিঘ্নিত করে বা সম্পর্ককে মারাত্মকভাবে প্রভাবিত করে, তবে দেরি না করে শিগগিরিই প্রফেশনাল কাউন্সেলারের সাহায্য নিন।