☰
✕

বাহরাইনে বেজে উঠল সতর্কতামূলক সাইরেন, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

১৫ নভেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে স্থানীয় সময় রবিবার ভোরে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন।সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির কথা জানিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয় এক সতর্কবার্তায় নাগরিক ও বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পাশাপাশি নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

একই সঙ্গে সরকারি সূত্র থেকে দেওয়া সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। তবে কী ধরনের হুমকি তৈরি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ সতর্কতা জারি করা হলো। বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে নৌযান চলাচলের বিষয়টি ওয়াশিংটন ও তেহরানের আলোচনার অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। পরে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়।

তবে আলোচনা অচলাবস্থায় পড়লে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবারও সংঘাত শুরু হয়। এর আগে জুনে দুই পক্ষ একটি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করেছিল।