☰
✕

চীনের প্রভাব মোকাবিলায় সামরিক সহযোগিতা বাড়াচ্ছে ফিলিপাইন-অস্ট্রেলিয়া

১৫ নভেম্বর, ২০২৬

দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা ও আঞ্চলিক প্রভাব মোকাবিলায় প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করছে ফিলিপাইন ও অস্ট্রেলিয়া।এ লক্ষ্যে রবিবার ম্যানিলায় একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করেছে দেশ দুটি।  

এর মাধ্যমে যৌথ সামরিক কার্যক্রম পরিচালনার প্রশাসনিক জটিলতা কমবে এবং নৌ, স্থল ও আকাশপথে বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বাড়বে বলে জানিয়েছে ফিলিপাইন। আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ম্যানিলায় অবস্থান করছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

তাঁর উপস্থিতিতে চুক্তিতে সই করেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো জুনিয়র এবং অস্ট্রেলিয়ার ফিলিপাইনস্থ রাষ্ট্রদূত মার্ক ইনেস-ব্রাউন।

চুক্তির মূল লক্ষ্য দুই দেশের বিদ্যমান ‘ভিজিটিং ফোর্সেস চুক্তি’ বাস্তবায়নের প্রক্রিয়া সহজ করা। এর ফলে যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ ও অন্যান্য প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনায় অনুমোদন ও সমন্বয়ের ক্ষেত্রে আমলাতান্ত্রিক বাধা কমবে।

ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো বলেন, আগে একটি কাজ সম্পন্ন করতে যেখানে প্রায় ১০০টি ধাপ পার হতে হতো, নতুন ব্যবস্থায় তা কমে ১০টিতে নেমে আসবে।

তাঁর ভাষায়, এটি মূলত প্রশাসনিক জটিলতা কমানোর উদ্যোগ। এর ফলে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা আরও দ্রুত ও কার্যকর হবে।

তেওদোরো জানান, নতুন ব্যবস্থায় নৌ, স্থল ও বিমানবাহিনীর পাশাপাশি মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায়ও দুই দেশের সহযোগিতা বাড়বে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের প্রতিরোধক্ষমতা ও নিরাপত্তা অবস্থান আরও শক্তিশালী করতে এ চুক্তি ভূমিকা রাখবে।

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা নিয়ে দীর্ঘদিন ধরে চীন ও ফিলিপাইনের মধ্যে উত্তেজনা চলছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলপথের বিস্তীর্ণ অংশের ওপর চীনের দাবি রয়েছে। তবে ওই দাবির আন্তর্জাতিক আইনি ভিত্তি নেই বলে ২০১৬ সালে একটি আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনাল রায় দিয়েছিল। ফিলিপাইন ওই রায়ের পক্ষে অবস্থান নিলেও বেইজিং তা প্রত্যাখ্যান করেছে। চীনের দাবি, দক্ষিণ চীন সাগরে তাদের কর্মকাণ্ড আইনসম্মত ও পেশাদার।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ফিলিপাইন আঞ্চলিক নিরাপত্তা জোরদারে অন্যান্য দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বিস্তৃত করছে। অস্ট্রেলিয়াও দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের অবস্থানকে সমর্থন করে আসছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যৌথ নৌ টহল ও স্থলভিত্তিক মহড়ার মতো কার্যক্রমও সম্প্রতি বেড়েছে। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, নতুন চুক্তির মাধ্যমে সমুদ্রসীমা পর্যবেক্ষণ, তথ্য আদান-প্রদান, কৌশলগত সংলাপ, প্রশিক্ষণ এবং সামরিক সক্ষমতার পারস্পরিক সমন্বয় বাড়বে। পাশাপাশি প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়নেও দুই দেশ একসঙ্গে কাজ করতে পারবে।

চুক্তি সইয়ের পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণে ফিলিপাইনে আরও বিনিয়োগের ঘোষণা দিয়েছেন আলবানিজ। এ বিনিয়োগের আওতায় ড্রোন প্রযুক্তি, প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে সমুদ্রসীমায় সন্দেহজনক তৎপরতা শনাক্ত করার পাশাপাশি সামুদ্রিক ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে অস্ট্রেলিয়ার।

এদিকে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন ও তাদের মিত্রদের যৌথ সামরিক তৎপরতার বিরোধিতা করে আসছে চীন। বেইজিংয়ের দাবি, এ ধরনের মহড়া ও সামরিক সহযোগিতা আঞ্চলিক উত্তেজনা বাড়ায়। অন্যদিকে ম্যানিলার বক্তব্য, নিজেদের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

বিশ্লেষকদের মতে, ফিলিপাইন-অস্ট্রেলিয়া প্রতিরক্ষা সহযোগিতার এ অগ্রগতি দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিরাপত্তা সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের মিত্র ও অংশীদার দেশগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে এ চুক্তি।