☰
✕

ভারতের আকাশে চীনা সামরিক বিমান, ২৫ মিনিট ধরে তৎপরতা!

১৫ নভেম্বর, ২০২৬

ভারতের সিকিমে দেশটির আকাশসীমায় চীনের একটি সামরিক বিমান অনুপ্রবেশ করে প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করেছে বলে অভিযোগ উঠেছে।গত ১২ নভেম্বর সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।  

ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) বারবার সতর্কবার্তা দিলেও বিমানটি বেশ কিছুক্ষণ ওই এলাকায় উড়তে থাকে বলে জানা গেছে।

সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার এক প্রতিবেদনে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রটি বলেছে, প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় চীনা বিমানটির গতিবিধি শনাক্ত করে ভারতীয় বিমানবাহিনী। এরপর একাধিকবার সতর্কবার্তা দিয়ে বিমানটিকে নিজ ভূখণ্ডে ফিরে যেতে বলা হয়। কিন্তু সতর্কবার্তার পরও সেটি ওই এলাকায় অবস্থান করছিল।

তবে বিমানটির ধরন, সুনির্দিষ্ট গতিপথ এবং শেষ পর্যন্ত কখন ভারতীয় আকাশসীমা ত্যাগ করেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনায় ভারতীয় বিমানবাহিনীর বক্তব্য জানতে যোগাযোগ করেছে আউটলুক। রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে এর ভৌগোলিক অবস্থানের কারণে। যে এলাকায় চীনা বিমানটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে, সেখান থেকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর পর্যবেক্ষণ করা সম্ভব।

ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যোগাযোগের একমাত্র স্থলপথ এই সরু ভূখণ্ড।

শিলিগুড়ি করিডর ভারতের পশ্চিমবঙ্গের একটি সরু ভূখণ্ড, যা সবচেয়ে সংকীর্ণ স্থানে প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত। ‘চিকেনস নেক’ নামে পরিচিত এই করিডর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে দেশের বাকি অংশের স্থল যোগাযোগের প্রধান সংযোগপথ। এর কাছাকাছি রয়েছে চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশের সীমান্ত।

অন্যদিকে, সিকিমের সঙ্গে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্ত রয়েছে।

একই সঙ্গে অঞ্চলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডোকলাম মালভূমির কাছাকাছি। ২০১৭ সালে এই ডোকলামকে কেন্দ্র করে ভারত ও চীনের সেনাদের মধ্যে ৭৩ দিন ধরে অচলাবস্থা চলেছিল।

ভারত-চীন সীমান্তে আগেও ঘটেছে এমন ঘটনা

ভারত-চীন সীমান্তে চীনা সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনাদের অবস্থানের কাছাকাছি দিয়ে চীনের একটি সামরিক বিমান উড়ে যায়। ভারতীয় রাডার ও স্থলপর্যায়ের সদস্যরা বিমানটির গতিবিধি শনাক্ত করলে বিমানবাহিনী প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় করে। পরে সামরিক যোগাযোগের প্রচলিত চ্যানেলে বিষয়টি চীনের কাছে উত্থাপন করে ভারত।

২০২০ সালে পূর্ব লাদাখে দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনার সময়ও প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি চীনা সামরিক হেলিকপ্টার উড়তে দেখা যায়। এর জবাবে ভারতীয় বিমানবাহিনী ওই এলাকায় যুদ্ধবিমান দিয়ে টহল জোরদার করে। তবে তখন চীনা হেলিকপ্টারগুলো ভারতীয় আকাশসীমা অতিক্রম করেনি বলে জানিয়েছিলেন কর্মকর্তারা।

এছাড়া ২০১৭ সালের ১১ অক্টোবর উত্তরাখণ্ডের বারাহোতি এলাকায় চীনের দুটি হেলিকপ্টার ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল বলে অভিযোগ ওঠে। একই বছরের জুনে চীনা সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার উত্তরাখণ্ডের চামোলি জেলার আকাশে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে ফিরে যায়। ওই ঘটনার মাত্র তিন মাস পরই ডোকলাম অচলাবস্থা শুরু হয়েছিল।

সর্বশেষ সিকিমের আকাশে চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে ঘটনার প্রকৃত পরিস্থিতি আরও স্পষ্ট হবে।