☰
✕

রোমানিয়ায় দুই বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা

১৫ নভেম্বর, ২০২৬

রোমানিয়ার কৃষ্ণসাগর উপকূলে দানিউব নদীর মোহনার কাছে দুটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আনাদোলু এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে (১৯১০ জিএমটি) রোমানিয়ার সুলিনা বন্দরের পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে চার নটিক্যাল মাইল দূরে গ্রিসের পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘এভিয়া পেট্রোল ভি’তে একটি ড্রোন আঘাত হানে।

এর প্রায় ৩৫ মিনিট পর, রাত ৯টা ৪৫ মিনিটে সুলিনা খালের দক্ষিণ-পূর্ব দিকে পাঁচ নটিক্যাল মাইল দূরে ‘মারসোল’ নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে ড্রোন হামলা হয়। এতে জাহাজটিতেও আগুন ধরে যায়।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জাহাজ দুটির নাবিকরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, স্নেক আইল্যান্ডের পূর্ব দিকে সামরিক রাডারে একটি আকাশযান শনাক্ত হওয়ার পর এসব ঘটনা ঘটে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ফেতেস্তির ৮৬তম বিমানঘাঁটি থেকে দুটি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করা হয়।

ইউক্রেনের প্রতিবেশী এবং ন্যাটোর সদস্য রাষ্ট্র রোমানিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে নিজেদের ভূখণ্ডের কাছাকাছি আকাশপথে বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়েছে। এ ধরনের পরিস্থিতিতে দেশটি একাধিকবার যুদ্ধবিমান মোতায়েন করেছে এবং জনসাধারণকে সতর্কবার্তা দিয়েছে।