১৫ নভেম্বর, ২০২৬
ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত ওমরাহ। ইসলামী শরিয়তের পরিভাষায় ওমরাহ বলা হয়, নিয়ত করে ইহরামসহ কাবা শরিফের চারপাশ সাতবার তাওয়াফ, সাফা-মারওয়া পাহাড়ের মাঝে সাতবার সাঈ করা এবং মাথা মুণ্ডানোকে।
ওমরাহ পালন করা সুন্নত। হজের পাঁচদিন ছাড়া বছরের যেকোনো সময় ওমরাহ পালন করা যায়। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে হজ ও ওমরাহ পালনের কথা বলেছেন। বর্ণিত হয়েছে, আর হজ ও ওমরাহ আল্লাহর জন্য পূর্ণ কর। (সুরা বাকারা, আয়াত : ১৯৬)
ওমরাহর ফজিলত সম্পর্কে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা হজ ও ওমরাহ একটার পর অপরটা করো। কেননা, হজ ও ওমরা দারিদ্র্য বিমোচন ও গুনাহ দূর করে দেয় ঠিক সেভাবে, যেভাবে হাঁপরের আগুন লোহা, সোনা ও রুপা থেকে ময়লা দূর করে দেয়।’ (তিরমিজি, হাদিস: ৮১০)
লটারির মাধ্যমে ওমরাহ পালনের বিধান
লটারির মাধ্যমে ওমরাহ করার বিধান নির্ভর করবে লটারির পদ্ধতি ও অর্থের উৎসের ওপর। কারণ, সব ধরনের লটারি হারাম নয়। কোনো কোনো লটারি জুয়া বা কিমারের অন্তর্ভুক্ত, আবার কোনোটি শুধু নির্বাচনের পদ্ধতি, যা ফিকহের পরিভাষায় কুরআহ (القرعة) নামে পরিচিত।
হারাম লটারি
যদি অংশগ্রহণকারীদের কাছ থেকে টাকা নিয়ে তা জমা করে বিজয়ীকে ওমরাহ করানো হয়, তাহলে তা জুয়া হওয়ার কারণে হারাম। আল্লাহ তায়ালা বলেন, হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ অপবিত্র, শয়তানের কাজ। অতএব, তোমরা এগুলো বর্জন করো। (সুরা আল-মায়িদা, আয়াত
: ৯০)
এভাবে সংগৃহীত অর্থ দিয়ে বিজয়ী ওমরাহ করলে অন্য অংশগ্রহণকারীদের অর্থ তার জন্য বৈধ হবে না, বরং প্রকৃত মালিকদের ফেরত দিতে হবে।
জায়েজ লটারি
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব অর্থে বিনামূল্যে লটারির আয়োজন করে কাউকে ওমরাহ করানোর সুযোগ দিলে তা জায়েজ। কারণ, এটি জুয়া নয়; বরং উপহার প্রদানের একটি পদ্ধতি। তবে অর্থের মালিকানা ও ব্যবহারের শর্ত শরিয়তসম্মত হতে হবে।
উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) যখন কোনো সফরে যাওয়ার ইচ্ছা করতেন, তখন তিনি তার স্ত্রীদের মধ্যে কুরআহ করতেন। তাদের মধ্যে যার নাম উঠত, তাকে সঙ্গে নিয়ে সফরে যেতেন। (সহিহ বুখারি)