১৬ নভেম্বর, ২০২৬
হাইতির সাবেক প্রেসিডেন্ট জোভেনেল মইসের স্ত্রী মার্টিন মইস আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন। ১০ বছর পর দেশটিতে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, রবিবার দেশটির নির্বাচন কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থীদের তালিকায় তার নাম দেখা গেছে।
২০২১ সালে জোভেনেল মইস হত্যাকাণ্ডের পর হাইতির রাজনীতিতে বড় পরিবর্তন আসে। দেশটিতে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল ২০১৬ সালে। এরপর কয়েকটি সরকার ক্ষমতায় এলেও নির্বাচন আয়োজন করতে পারেনি।
শক্তিশালী ও ভারী অস্ত্রে সজ্জিত অপরাধী চক্রের তৎপরতা বাড়তে থাকায় নিরাপত্তার কারণ দেখিয়ে বারবার নির্বাচন পিছিয়ে দেওয়া হয়।
আগামী বছরের জুলাইয়ে নির্বাচনের প্রথম দফার ভোট হওয়ার কথা রয়েছে। প্রার্থী হিসেবে নিবন্ধনের বিষয়ে মার্টিন মইস এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘হাইতি আবার নিজের পায়ে দাঁড়াবে।
কারণ, রাজনীতি করার পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।’
নির্বাচনে অংশ নিতে মোট ৩৩ জন প্রার্থী নিবন্ধন করেছেন। তাদের মধ্যে তিনজন নারী। মার্টিন মইস তাদের একজন। প্রার্থীদের তালিকায় আরো রয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মিশেল মার্তেলি ও জোসেলেরম প্রিভার্ট, সাবেক প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক দুপুই।
মার্তেলি ও প্রিভার্টসহ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে সশস্ত্র অপরাধী চক্রকে সহায়তা করার অভিযোগ রয়েছে। এ কারণে তাদের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। তবে তারা দুজনই এসব অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে জোভেনেল মইস হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের মিয়ামির আদালতে চলা মামলায় মার্টিন মইস গুরুত্বপূর্ণ সাক্ষী। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েক ডজন সন্দেহভাজনের বিচার চলছে।
জোভেনেল মইস ২০১৭ সালে হাইতির প্রেসিডেন্ট হন। ২০২১ সালের জুলাইয়ে তাকে হত্যা করা হয়। কলম্বিয়ার একদল ভাড়াটে যোদ্ধা যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে তার শোবার ঘরে ঢুকে গুলি চালায়। এতে তিনি নিহত হন। এ সময় তার স্ত্রী মার্টিন মইসও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে বিমানে করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে নেওয়া হয়।
জোভেনেল মইসের মৃত্যুর পর হাইতিতে একের পর এক অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এর মধ্যে সশস্ত্র অপরাধী চক্রের তৎপরতা আরো বেড়ে যায়। দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের সহায়তা নিয়ে এসব চক্র রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বড় অংশসহ আশপাশের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে বলে ধারণা করা হয়।
২০২২ সাল থেকে এখন পর্যন্ত হাইতিতে প্রায় ১৫ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এ সময় ২২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের অনেকেই নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে লড়াইয়ে হাইতির পুলিশকে সহায়তা করতে বিভিন্ন দেশের বাহিনী মোতায়েন করা হয়েছে। সর্বশেষ এল সালভাদর থেকেও সেনাসদস্য পাঠানো হয়েছে।
তবে বর্তমান সরকারের পক্ষে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কয়েকজন রাজনীতিক। সাবেক প্রেসিডেন্ট জ্যঁ-বার্ত্রাঁ আরিস্তিদের নেতৃত্বাধীন প্রভাবশালী রাজনৈতিক দল ফানমি লাভালাস শুক্রবার জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি এতটাই অনিশ্চিত যে তারা নির্বাচনে কোনো প্রার্থী দেবে না। ২০০৪ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছিলেন আরিস্তিদ।