☰
✕

বিনা চিকিৎসায় কারাগারেই মৃত্যুর আশঙ্কা কথা জানালেন ইমরান খান

১৭ নভেম্বর, ২০২৬

যথাযথ চিকিৎসার অভাব ও শারীরিক অবস্থার চরম অবনতির কারণে কারাগারেই মারা যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

যথাযথ চিকিৎসার অভাব ও শারীরিক অবস্থার চরম অবনতির কারণে কারাগারেই মারা যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের এবং স্ত্রী বুশরা বিবির সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি দেশের শীর্ষ বিচারকদের কাছে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তিনি তাদের চিকিৎসা ও কারাবাস পরিস্থিতি নিয়ে আদালতের দেওয়া আগের নির্দেশনার বাস্তবায়ন চেয়েছেন।

 

এক্সে (টুইটার) চিঠিটি প্রকাশ করেন ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার।

গত সপ্তাহে আদিয়ালা কারাগারে গিয়ে ইমরান খানের সঙ্গে দেখা করার পর তিনি এটি প্রকাশ্যে আনেন। সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় সাংবিধানিক আদালত এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে চিঠিটি লেখা হয়েছে। ৭৪ বছর বয়সী এই রাজনৈতিক নেতা চিঠিতে উল্লেখ করেছেন, ৭৪ বছর বয়সে এই কঠিন পরিস্থিতি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে আমি হয়তো আর জীবিত ফিরতে পারব না।

টানা নির্জন কারাবাস এবং মানুষের সঙ্গে যোগাযোগের অভাবে তার মানসিক স্বাস্থ্যেও বিরূপ প্রভাব পড়ছে বলে জানান ইমরান খান।

এই শাস্তিকে ‘নিষ্ঠুর ও অস্বাভাবিক’ আখ্যা দিয়ে তিনি বলেন, একাকিত্বের কারণে তার রক্তচাপ বিপজ্জনকভাবে বেড়ে গেছে, যা এখন নিয়ন্ত্রণের বাইরে। চিঠিতে তিনি লিখেছেন, চিকিৎসকেরা এখন আমাকে বলছেন, আমি ব্রেন হ্যামারেজ (মস্তিষ্কে রক্তক্ষরণ) এবং কার্ডিয়াক অ্যারেস্টের মারাত্মক ঝুঁকিতে রয়েছি এবং আমার হৃদযন্ত্র এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিঠিতে স্ত্রী বুশরা বিবির চোখের সমস্যা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন ইমরান। গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা ছিঁড়ে যাওয়ায় তার অস্ত্রোপচার করা হয়।

ইমরান খানের অভিযোগ, অস্ত্রোপচারের পরপরই তাকে আবারও নির্জন কারাবাসে পাঠানো হয় এবং চিকিৎসকদের সঙ্গে দেখা করার বা চিকিৎসা প্রতিবেদন পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়। এছাড়া আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও স্ত্রীর সঙ্গে তার নির্ধারিত সাক্ষাৎগুলো বাতিল করা হচ্ছে এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলতে দেওয়া হচ্ছে না।

তবে কারা কর্তৃপক্ষের দাবি, গত সপ্তাহে চোখ পরীক্ষার জন্য ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং পরে আবার তাকে সেলে ফিরিয়ে আনা হয়। এর আগে গত আগস্টে তার স্বাস্থ্যের অবনতি হলে সুপ্রিম কোর্ট তাকে ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল।

 

চিঠির শেষ অংশে ইমরান খান লিখেছেন, আমি আদালতের কাছে কোনো বিশেষ অনুগ্রহ চাচ্ছি না।

 

আমি শুধু সুবিচার হিসেবে সুপ্রিম কোর্টের আদেশের বাস্তবায়ন এবং আমাদের দুজনের শারীরিক অবস্থার জন্য সুচিকিৎসাচাই।

উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি। অন্যদিকে দুর্নীতির একটি মামলায় ২০২৫ সালের জানুয়ারি থেকে বন্দি রয়েছেন তার স্ত্রী বুশরা বিবি। তোশাখানা-২ মামলায় এই দম্পতিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২১ সালে সরকারি সফরে গিয়ে সৌদি যুবরাজের কাছ থেকে পাওয়া দামি বুলগারি অলংকার কেনাবেচার অভিযোগ রয়েছে এই মামলায়। এ ছাড়া অন্যান্য মামলাতেও ইমরান খান সাজা খাটছেন। তবে একটি ছাড়া বাকি সব কটি মামলার রায় স্থগিত বা বাতিল হয়েছে এবং সেগুলোর আপিল চলমান। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বরাবরই দাবি করে আসছে যে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে এসব মামলা দেওয়া হয়েছে।