১৭ নভেম্বর, ২০২৬
ইউরোপজুড়ে নজিরবিহীনভাবে উড়োজাহাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে আসা এসব হুমকি শেষ পর্যন্ত ভুয়া প্রমাণিত হলেও পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এই ঘটনার পেছনে কারা জড়িত, তা এখনো জানা যায়নি।
এখন পর্যন্ত ইউরোপের ৫০টির বেশি ফ্লাইট, কয়েক হাজার স্কুল, বেশ কিছু সংবাদমাধ্যম ও অন্তত একটি প্রমোদতরি এসব হুমকির শিকার হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এই ঘটনাগুলো ইউরোপের জনকাঠামোর দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। উড়োজাহাজে বোমার হুমকির পর দেশগুলো ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিয়েছে। কোথাও ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে, আবার হাঙ্গেরি ও ফ্রান্সের মতো দেশ যাত্রীবাহী বিমানকে পাহারা দিতে যুদ্ধবিমান পাঠিয়েছে।
এ অবস্থায় পুরো ইউরোপের জন্য একটি সমন্বিত নিরাপত্তা কাঠামোর দাবি উঠেছে। হাঙ্গেরিভিত্তিক বাজেট এয়ারলাইন উইজ এয়ারের প্রধান নির্বাহী ইয়োসেফ ভারাদি জানান, তিনি সমন্বিত পদক্ষেপের জন্য ইউরোপীয় কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে সব দেশ নিজস্ব সিদ্ধান্তে অনড় থাকায় বিষয়টি জটিল আকার ধারণ করেছে। লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের ইউরোপ, রাশিয়া ও ইউরেশিয়া কর্মসূচির পরিচালক গ্রেগোয়ার রুস বলেন, দেশগুলোর মধ্যে সমন্বয়ের ব্যাপক অভাব রয়েছে। পরিস্থিতি সামলাতে পুরো ইউরোপের জন্য একটি অভিন্ন হুমকি মূল্যায়ন মানদণ্ড তৈরি করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
হুমকিগুলো ছড়াতে খুব কম খরচ হলেও এর মোকাবিলা করতে রাষ্ট্রকে বিপুল অর্থ ও শ্রম ব্যয় করতে হচ্ছে। ইতালিতে বুধ ও বৃহস্পতিবার যথাক্রমে ৬ হাজার ৩০০ এবং ৩ হাজার ৭৭৮টি স্কুলে বোমার হুমকি সংবলিত ইমেইল আসে। এতে শত শত স্কুল খালি করা হলেও অনেক স্কুল খোলা ছিল। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি নতুন প্রোটোকল প্রস্তাব করে বলেছেন, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া শুধু ইমেইলের ভিত্তিতে স্কুল খালি করা উচিত নয়। অন্যদিকে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডেও স্কুলগুলোতে এমন ইমেইল গেলেও পুলিশ একে ভুয়া বলে বাতিল করে দেয়। এমনকি যুক্তরাজ্যের হিথ্রো ও বার্মিংহাম বিমানবন্দর হুমকি পাওয়ার পরও কার্যক্রম চালিয়ে গেছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রুফপয়েন্ট ও অ্যাবনরমাল সিকিউরিটি জানিয়েছে, বৈধ ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করে এসব হুমকি পাঠানো হয়েছে। রাশিয়ার কট্টর জাতীয়তাবাদী গোষ্ঠী ‘মেল স্টেট’-এর নাম ব্যবহার করা হলেও এটি ভুয়া বলে সন্দেহ করছে পুলিশ।
পশ্চিমা দেশগুলোকে অস্থিতিশীল করতে রাশিয়া ‘হাইব্রিড যুদ্ধ’-এর অংশ হিসেবে এমন কাজ করছে বলে সন্দেহ করা হলেও মস্কো তা অস্বীকার করেছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানান, বিদেশি কোনো রাষ্ট্রের জড়িত থাকার বিষয়ে এখনো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। গবেষক গ্রেগোয়ার রুসও প্রমাণ ছাড়া মস্কোকে দোষারোপ করার বিষয়ে সতর্ক করেছেন। বর্তমানে বেনামি ইমেইলের কারণে জরুরি সেবা যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করাই ইউরোপীয় সরকারগুলোর জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।