☰
✕

ইরানি ড্রোন হামলায় ৬ সেনার মৃত্যু: পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মেজরের

১৭ নভেম্বর, ২০২৬

কুয়েতে একটি অস্থায়ী সেনাঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহতের ঘটনায় পেন্টাগনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (হুইসেলব্লোয়ার কমপ্লেইন্ট) দায়ের করেছেন এক সেনা কর্মকর্তা। তাঁর দাবি, ঘাঁটিতে পর্যাপ্ত নিরাপত্তা না থাকার বিষয়ে বারবার উদ্বেগ জানানো হলেও পেন্টাগন তাতে কান দেয়নি।

গত ১ মার্চ কুয়েতের শুয়াইবা বন্দরে মার্কিন ওই সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান। এতে ছয়জন মার্কিন রিজার্ভ সেনা নিহত এবং মেজর স্টিফেন র‍্যামসবটমসহ আরও কয়েক ডজন সেনা আহত হন। চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে এটিই ছিল প্রথম মার্কিন প্রাণহানির ঘটনা। সিবিএস নিউজ জানিয়েছে, গত সপ্তাহে কংগ্রেসের হাউস ও সিনেট আর্মড সার্ভিসেস কমিটিতে এই অভিযোগ জমা দেওয়া হয়েছে।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর র‍্যামসবটম এই হামলাকে সেনাবাহিনী ও নেতৃত্বের একটি ‘কৌশলগত ব্যর্থতা’ বলে উল্লেখ করেন। তিনি জানান, আকাশপথে হামলার ঝুঁকির কথা তিনি বিভিন্ন বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলেন। কিন্তু তাঁকে বলা হয়েছিল, নিরাপত্তা নিয়ে আমাদের ভাবতে হবে না। ড্রোন ঠেকানোর ব্যবস্থা পাঠানোর কথা বলা হলেও তা আর সেখানে পৌঁছায়নি।

মেজর র‍্যামসবটমের অভিযোগ, ওই অস্থায়ী কেন্দ্রটিতে কেবল গাড়ি বোমা ঠেকানোর মতো কংক্রিটের প্রতিবন্ধক ছিল। ড্রোন বা ক্ষেপণাস্ত্র থেকে বাঁচার কোনো ব্যবস্থা ছিল না। এমনকি হামলার আগে কোনো সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়নি, যাতে সেনারা নিরাপদ আশ্রয়ে যেতে পারেন। ঘাঁটিতে কোনো চিকিৎসক বা স্থায়ী চিকিৎসাকেন্দ্র ছিল না, ছিল মাত্র একটি অ্যাম্বুলেন্স।

গত মার্চে হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও একটি অস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছিল। এই অভিযোগ এমন এক সময়ে সামনে এল, যখন আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাওয়া ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের ইরান যুদ্ধ পরিচালনার বিষয়ে ব্যাপক তদন্তের প্রস্তুতি নিচ্ছেন। ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল ইতিমধ্যে শুয়াইবা বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানতে প্রতিরক্ষামন্ত্রীর কাছে একটি গোপনীয় ব্রিফিংয়ের দাবি জানিয়েছেন।