☰
✕

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত ১৭

১৭ নভেম্বর, ২০২৬

দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়াসহ দুটি এলাকায় রাতের আঁধারে হামলা চালায় বন্দুকধারীরা। এসব হামলায় ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গত রোববার (১৫ নভেম্বর) রাতে দক্ষিণ আফ্রিকায় এসব হামলার ঘটনা ঘটে। কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারমারিটজবার্গ শহরের বাইরে একটি মিনিবাসে গুলি চালিয়ে আটজনকে হত্যা করা হয়।

অন্যদিকে, রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমাঞ্চলের একটি ঘর থেকে উদ্ধার করা হয় ছয়জন পুরুষ ও তিনজন নারীর মরদেহ। পৃথক দুটি হামলায় সব মিলিয়ে নিহত হয়েছেন ১৭ জন।

তবে, দুটি হামলার মধ্যে কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে পুলিশ। কারা এসব হামলা চালিয়েছে এবং হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা এখনো জানা যায়নি। হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশের মুখপাত্র রবার্ট নেতশিউন্ডা বলেন, কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ ও সন্দেহভাজনদের পরিচয় জানতে বিভিন্ন আলামত সংগ্রহ করছে পুলিশ।