নাটকীয়তার ম্যাচে রোনালদোর শেষ মুহূর্তের গোলে জিতল আল নাসের

১৯ অক্টোবর, ২০২৪

সৌদি প্রো লিগে গতকাল আল শাবাবের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। দুই দলের ম্যাচটিতে প্রথমার্ধে কোনো দলই পায়নি গোলের দেখা। দ্বিতীয়ার্ধে লিড নেয় আল নাসের, তবে শেষ মুহূর্তে আত্মঘাতী গোল করায় জয় হাতছাড়া হয়ে যাচ্ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোদের। তবে ম্যাচে নাটকীয়তার তখনো ছিল বাকি, যোগ করা সময়ে দুই দলই পায় পেনাল্টি। তবে স্পটকিক থেকে জালের দেখা পেয়েছেন কেবল রোনালদোই, পর্তুগীজ মহাতারকার শেষ মুহূর্তের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসের।

আল নাসেরের বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচ খেলেছে আল শাবাব। রোনালদোদের তুমুল আক্রমণ সামলে পালটা আক্রমণেও গিয়েছে দলটি। তবে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে প্রথমার্ধে জালের দেখা পায়নি কেউই।

এদিকে দ্বিতীয়ার্ধে লিডের দেখা পায় আল নাসের। আয়মেরিক লাপোর্তের গোলে এগিয়ে যায় রোনালদোরা। ম্যাচের ৯০ মিনিট পর্যন্তই লিড ধরে রেখেছিল দলটি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালেই পাঠিয়ে দেন আল নাসেরের আলি আলহাসান।

শেষ মুহূর্তে আত্মঘাতী গোল হওয়ায় জয় হাত ফসকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল আল নাসেরের। তবে ম্যাচটিতে নাটকীয়তার যেন ঢের বাকি ছিল তখনো। যোগ করা সময়ে পেনাল্টি পায় আল নাসের। আর স্পটকিক নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন রোনালদো। তবে উত্তেজনা শেষ নয় এখানেই।

যোগ করা সময়ের ১২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আল নাসেরের মোহামেদ সিমাকানকে। পেনাল্টি পায় আল শাবাব। কিন্তু এ সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। আব্দেররাজাক হামাদাল্লাহ লক্ষ্যভেদ করতে না পারলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসের।