১৯ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। চীনের প্রযুক্তি নগরী শেনজেনের কিলিন ভিলায় তিন নেতাকে একসঙ্গে দেখা গেছে। খবর সিএনএনের।
মূল বৈঠক কক্ষে প্রবেশের আগে নিজ নিজ দেশের পতাকার সামনে দাঁড়িয়ে করমর্দন ছাড়াই ছবির জন্য পোজ দেন তিন নেতা।
চীনা সংবাদ সংস্থা সিনহুয়াকে শি জিনপিং বলেন, ‘চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের এটিই প্রথম বৈঠক। এর যুগান্তকারী তাৎপর্য রয়েছে।’
এর আগে আজই পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে আলাদাভাবে একান্ত বৈঠক করেন ট্রাম্প।
বিশ্লেষকদের ধারণা, বৈঠকে ইরান, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে। তবে এসব স্পর্শকাতর বিষয়ে তিন দেশের মধ্যে গভীর মতপার্থক্য রয়েছে। ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের এই আলোচনায় বড় কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকেরা।
প্রসঙ্গত, চীনের শেনজেনে চলছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলন। এর ফাঁকেই তিন নেতার এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তাঁদের উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে আলোচনার কেন্দ্রে চলে এসেছে এই আয়োজন; আড়ালে পড়ে গেছে এপেক সম্মেলনের মূল কর্মসূচি।