☰
✕

‘ডার্টি বোমা’ হামলা হলে ইরানকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি ট্রাম্পের

১৯ নভেম্বর, ২০২৬

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে চীন কিংবা রাশিয়ার কোনো ধরনের সহায়তার প্রয়োজন নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এখন তেহরানই যুদ্ধ বন্ধে চুক্তি করতে চাইছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘আমাদের কারও সাহায্যের প্রয়োজন নেই। আমরা তাদের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পরাজিত করেছি।’

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের তুলনায় অনেক কমে গেছে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন আগের মাত্রার ১২ থেকে ১৩ শতাংশে নেমে এসেছে। ইরান চুক্তি করতে চায় বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে কারও কাছে সাহায্য চাইতে যাবেন না বলে জানান ট্রাম্প।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও বড় দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘হরমুজ প্রণালির ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।’

চীন ও রাশিয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশ দুটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ ভালো আচরণ করেছে। তারা এখন পর্যন্ত সমুদ্রে কোনো জাহাজও পাঠায়নি।

ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, তেহরান একটি চুক্তি করতে চায়। তবে তিনি এমন একটি চুক্তি চান, যা দীর্ঘস্থায়ী হবে। যুদ্ধের সমাপ্তি টানার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি শিগগিরই এর সমাপ্তি ঘটাব। যেভাবেই হোক, আমরা এটি শেষ করব।’

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একসঙ্গে বৈঠককে কেন গুরুত্বপূর্ণ মনে করছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, দুই নেতার মধ্যে ভালো সম্পর্ক রয়েছে এবং তারা একসঙ্গে কাজ করেন।

তবে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেন ট্রাম্প। তাঁর ভাষ্য, জ্বালানি ইস্যুতে ওবামাই চীন ও রাশিয়াকে কাছাকাছি এনেছিলেন। চীনের জ্বালানির ব্যাপক চাহিদা রয়েছে, অন্যদিকে রাশিয়ার কাছে প্রচুর জ্বালানি সম্পদ রয়েছে। এভাবেই দেশ দুটির মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে বর্তমানে উভয় দেশের নেতাই তাঁকে পছন্দ করেন বলে দাবি করেন ট্রাম্প।

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার আশঙ্কা

ওয়াশিংটন ডিসিতে ইরানের ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ইরান গ্যাস ও জীবাণু অস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে চিন্তাভাবনা করছে বলে কিছু ইঙ্গিত পাওয়া গেছে।

তিনি বলেন, ‘এগুলো মোটেও ভালো কিছু নয়। আমরা বিষয়টি দেখছি।’

ইরান এমন কোনো হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, ‘এমন কিছু ঘটলে আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।’

এদিকে, মন্ত্রিসভার কয়েকজন সদস্য সামরিক ঘাঁটিতে বসবাস করছেন কেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এর সঙ্গে ইরান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।