১৯ নভেম্বর, ২০২৬
কারো ওপর গোসল ফরজ অবস্থায় তার শরীর বা হাত যদি অন্য কোনো ব্যক্তির শরীরে লাগে, তাহলে কি ওই ব্যক্তির ওপরও গোসল ফরজ হয়? নাপাক বা অপবিত্রতা মৌলিকভাবে দুই প্রকার।
১. নাজাসাতে হাকিকী (প্রকৃত নাপাক) : যেমন মলমূত্র, প্রবহমান রক্ত ইত্যাদি।
২. নাজাসাতে হুকমী (বিধানগত অপবিত্রতা) : যেমন হায়েয-নিফাসের কারণে সৃষ্ট অপবিত্রতা কিংবা বীর্যপাতের কারণে গোসল ফরজ হওয়া ইত্যাদি।
নাজাসাতে হাকিকী (প্রকৃত নাপাক) কোনো ব্যক্তির শরীরে বা কাপড়ে লাগলে ওই স্থান বা কাপড় নাপাক হয়ে যায়। তা থেকে পবিত্রতা অর্জনের জন্য নাপাক বস্তুটি দূর করা বা সংশ্লিষ্ট স্থান ধুয়ে নিতে হয়।
পক্ষান্তরে কোনো ব্যক্তি নাজাসাতে হুকমীর (বিধানগত অপবিত্রতা) আওতায় পড়লে তাকে স্পর্শ করার মাধ্যমে বা তার সাথে ওঠাবসা করার মাধ্যমে অপর ব্যক্তি নাপাক হয় না। যেমন, উম্মাহাতুল মুমিনীনগণ রাসুলের (সা.) সাথে তাদের মাসিক চলাকালীন সময়ে ওঠাবসা করতেন, পরস্পর স্পর্শ করতেন। কিন্তু এর কারণে রাসুল (সা.) গোসল বা অজু করতেন না। উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন, আমি ঋতুবতী (হায়েয) অবস্থায় রাসুলের (সা.) চুল আঁচড়ে দিতাম। (সহিহ বুখারি, হাদিস: ২৯৫)
একবার আবু হুরায়রা (রা.) গোসল ফরয অবস্থায় মদীনার এক রাস্তায় রাসুলের (সা.) সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তিনি সেখান থেকে গোপনে সরে যান। পরে গোসল শেষে ফিরে এলে রাসুল (সা.) তাকে জিজ্ঞেস করলেন, ‘আবু হুরায়রা! তুমি কোথায় ছিলে?’ তিনি বললেন, ‘আমি গোসল ফরজ অবস্থায় ছিলাম। তাই অপবিত্র অবস্থায় আপনার সঙ্গে বসাকে অপছন্দ মনে করে সরে গিয়েছিলাম।’ তখন রাসুল (সা.) বিস্ময় প্রকাশ করে বললেন, সুবহানাল্লাহ! নিশ্চয়ই মুমিন অপবিত্র নয়। (সহিহ বুখারি,হাদিস: ২৮৩)
সুতরাং গোসল ফরজ এমন ব্যক্তির শরীর বিধানগত নাপাক থাকে। তাই তাকে স্পর্শ করলে অথবা তিনি কাউকে স্পর্শ করলে অপর ব্যক্তির শরীর নাপাক হবে না এবং তার ওপর গোসলও ফরজ হবে না।