মিঠাপুকুরে ৩৫০ টাকার দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

২৭ অক্টোবর, ২০২৪

রংপুরের মিঠাপুকুরে গাঁজা খাওয়ার ৩৫০ টাকা পাওয়া নিয়ে দুই  মাদকসেবীর দ্বন্দ্বে অপর এক মাদকসেবী যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার দিবাগত রাত রাত ১২ টাকার  দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের শিববাজার হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাদকসেবির নাম হারুন অর রশিদ (৩৭)। তিনি শিববাজার হাজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় অপর মাদকসেবি মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে গাঁজা কাটার একটি ছোট চাকু উদ্ধার করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিববাজার এলাকায় দুই মাদকসেবী প্রায়ই একসঙ্গে গাঁজা সেবন করতেন। ঘটনার দিন শনিবার দিবাগত রাতে শিববাজার হাজীপাড়া গ্রামের নেসার আলীর ছেলে মোস্তফার (৩৬) সঙ্গে হারুন অর রশিদের বাকবিতণ্ডা হয়। তিন বছর আগে ৩৫০ টাকা পাওনার জের ধরে উভয়ের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে মাদকসেবী মোস্তফা ক্ষিপ্ত হয়ে হারুনকে ঘুসি মারেন। এতে হারুন পাশের একটি গাছের সঙ্গে আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ সময় মাদকসেবী মোস্তফাকে আটকে রাখেন স্থানীয় লেকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোস্তফাকে গ্রেফতার করে পুলিশ। 

মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থল থেকে মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে গাঁজা কাটার একটি চাকু উদ্ধার করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।