☰
✕

খুলনায় সন্তান লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২৩ নভেম্বর, ২০২৬

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আধুনিক সমাজব্যবস্থায় বাবা-মায়ের হাতে শিশুকে সময় দেওয়ার সুযোগ কমে গেছে। 

বর্তমানের এই যান্ত্রিক যুগে শিশুদের মনোবিকাশের চেষ্টাও আমরা খুব কম করি। ফলে শিশুদের ঘরের মধ্যেই আবদ্ধ থাকতে হচ্ছে বেশি। কিন্তু শিশুদের মনোবিকাশের স্বার্থে এই গণ্ডি থেকে বের করে আনতে হবে।

রোববার বেলা ১১টায় নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে ‘শিশু বিকাশে প্রারম্ভিক যত্ন এবং সন্তান লালন-পালন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। 

ইউনিসেফ-এর সহযোগিতায় কেসিসির স্বাস্থ্য বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

প্রশাসক আরও বলেন, খেলাধুলা শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে খেলাধুলার পাশাপাশি বেড়ে ওঠার সময়টাতেই শিশুর প্রতি বেশি যত্ন নেওয়া প্রয়োজন। 

বিশেষ করে নিম্নআয়ের পরিবারের বসতি এলাকায় বেড়ে ওঠা শিশুদের প্রতি যত্ন নেওয়া বেশি প্রয়োজন। 

প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মহানগরী এলাকায় শিশু বিকাশের এই কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ-এর খুলনা ও বরিশাল বিভাগীয় নিউট্রিশন অফিসার ডা. শাহনাজ বেগম, টেকনিক্যাল মনিটরিং অফিসার মো: আবু সাইদ ও টেকনিক্যাল মনিটরিং অফিসার মো. জসিম উদ্দিন। 

সভা পরিচালনা করেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। স্বাস্থ্য বিভাগের কর্মচারী ও ইপিআই কর্মীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।