২৩ নভেম্বর, ২০২৬
ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায় কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় লবণ উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। মেঘাচ্ছন্ন আকাশ, থেমে থেমে বৃষ্টি ও রোদের অভাবে লবণ মাঠ প্রস্তুত এবং উৎপাদন কার্যক্রম নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন চাষিরা। মৌসুমের শুরুতেই এমন পরিস্থিতি দীর্ঘায়িত হলে বড় ধরনের আর্থিক লোকসানের আশঙ্কা করছেন লবণচাষিরা।
জানা গেছে, সাধারণত নভেম্বর থেকে কক্সবাজার উপকূলের বিভিন্ন এলাকায় লবণ উৎপাদন মৌসুম শুরু হয়। চলে পরবর্তী কয়েক মাস। এ সময় পর্যাপ্ত রোদ ও শুষ্ক আবহাওয়া লবণ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মৌসুমের শুরুতেই একের পর এক ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়ার বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে। গত ৩০ অক্টোবর ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এবং সর্বশেষ ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় ‘আকাভান’-এর প্রভাবে উপকূলজুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে।
এ পরিস্থিতিতে দিনের বেশির ভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। কোথাও কোথাও হচ্ছে থেমে থেমে হালকা বৃষ্টি। ফলে লবণ মাঠ প্রস্তুত করা, মাঠে পানি শুকানো এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে। পর্যাপ্ত রোদ না থাকায় নির্ধারিত সময়ে উৎপাদন শুরু করতে না পারলে মৌসুমের শুরুতেই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা তৈরি হবে।
কুতুবদিয়ার লবণচাষি আব্দুল মালেক, শুক্কুর, কলিম উল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে জানান, প্রতিবছর মৌসুম শুরুর আগেই জমি প্রস্তুত, শ্রমিক নিয়োগ ও প্রয়োজনীয় সরঞ্জাম কেনাসহ নানা খাতে বিনিয়োগ করতে হয়। অনেকেই ঋণ নিয়ে লবণ উৎপাদনে নামেন। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হলে একদিকে শ্রমিকের মজুরি, অন্যদিকে জমির খরচ ও ঋণের কিস্তি নিয়ে বাড়তি দুশ্চিন্তায় পড়তে হয় তাদের।
এদিকে কুতুবদিয়ার বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় লবণ উৎপাদনের সঙ্গে কয়েক হাজার চাষি ও শ্রমিকের জীবিকা জড়িত। মৌসুমের শুরুতে উৎপাদন ব্যাহত হওয়ায় তাদের আয়-রোজগার নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে লবণ উৎপাদন মৌসুমে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
লবণচাষিদের দাবি, প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা ও প্রণোদনার ব্যবস্থা করা প্রয়োজন। অন্যথায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ঋণের বোঝা নিয়ে আরও কঠিন পরিস্থিতিতে পড়তে হবে তাদের।