☰
✕

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭

২৩ নভেম্বর, ২০২৬

 

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৭ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজনকে ১৫১ ধারায়, তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে দুজনকে সাজা দেওয়া হয়েছে। বাকি ২১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় গতকাল রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৫১ ধারায় একজন, মোবাইল কোর্টে দুজন এবং সন্ত্রাসবিরোধী আইনে তিনজনকে আটক করা হয়। বাকি ২১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

থানাভিত্তিক তথ্যে, কোম্পানীগঞ্জে তিনজন, কবিরহাটে চারজন, সেনবাগে একজন, চরজব্বারে দুজন ও হাতিয়ায় ছয়জনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বেগমগঞ্জে পাঁচজন আটক করে দুজনকে মোবাইল কোর্টে সাজা দেওয়া হয় এবং বাকি তিনজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। সোনাইমুড়ীতে পাঁচজন আটক করে তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার এবং দুজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। চাটখিলে ১৫১ ধারায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।