২৪ নভেম্বর, ২০২৬
সাহিত্য, গবেষণা, চিকিৎসাসেবা ও আর্থসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ যশোরের কেশবপুরে পাঁচ গুণীজনকে জাতীয় কবি নজরুল পদক-২০২৬ দেওয়া হয়েছে।
কেশবপুর প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ‘জাতীয় কবি নজরুল স্মরণোৎসব ও গুণীজন সম্মাননা’ অনুষ্ঠানে গতকাল রোববার বিকেলে তাদের হাতে এ পদক তুলে দেওয়া হয়। ‘এসো মন ভুবনে, সত্য সুন্দর কল্যাণে’ স্লোগানে স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
পদকপ্রাপ্তরা হলেন প্রবন্ধ গবেষণায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম, কবিতায় যশোর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক হাফিজুর রহমান, নাট্যসাহিত্যে নাট্যকার খায়রুল বাসার, চিকিৎসাসেবায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান এবং আর্থসামাজিক উন্নয়নে উন্নয়ন সংস্থা সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল করিম।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম এবং সভাপতি বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্যকার মুহম্মদ শফি পদকপ্রাপ্তদের হাতে ফুল, পদক, উত্তরীয় ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি মোতাহার হোসেন, কোষাধ্যক্ষ মানব মণ্ডল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক তাপস মজুমদার এবং কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা।
অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি ও নজরুলসংগীত পরিবেশন করা হয়।