২৪ নভেম্বর, ২০২৬
ইসলামি স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন ঐতিহ্যবাহী বাঘা শাহী জামে মসজিদ। ৫০০ বছরের কালের সাক্ষী মসজিদটি এখনও স্বগৌরবে দাঁড়িয়ে আছে। মসজিদের নির্মাণশৈলী যেকোনো দর্শনার্থীকেই মুগ্ধ করে। একাধিকবার ছুটে যান দর্শনার্থীরা।
রাজশাহী মহানগর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাঘা উপজেলা সদরে অবস্থিত মসজিদটি পর্যটকদের জন্যও এক আকর্ষণীয় স্থান। এখানে নামাজ আদায় করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ।
১৫২৩-১৫২৪ সালে (৯৩০ হিজরি) হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ মসজিদটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বিভিন্ন সময় এই মসজিদের সংস্কার করা হয়। মসজিদের গম্বুজগুলো ভেঙ্গে গেলে ১৮৯৭ সালে নতুন করে ছাদ দেওয়া হয়। মসজিদটি বর্তমানে রাষ্ট্রের হেরিটেজ সম্পদ হিসেবে সংরক্ষিত।
মসজিদটি ২৫৬ বিঘা জমির ওপর অবস্থিত। ভূমি থেকে ৮ থেকে ১০ ফুট উঁচু করে মসজিদের আঙিনা তৈরি করা হয়েছে। উত্তর পাশের ফটকের ওপরের স্তম্ভ ও কারুকাজ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদটিতে ১০টি গম্বুজ আছে । আর ভেতরে রয়েছে ৬টি স্তম্ভ। মসজিদটিতে ৪টি মেহরাব রয়েছে যা অত্যন্ত কারুকার্য খচিত। দৈর্ঘ্য ৭৫ ফুট, প্রস্থ ৪২ ফুট, উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। দেয়াল চওড়া ৮ ফুট গম্বুজের ব্যাস ৪২ ফুট, উচ্চতা ১২ ফুট। চৌচালা গম্বুজের ব্যাস ২০ ফুট উচ্চতা প্রায় ৩০ ফুট। মাঝখানের দরজার ওপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে। মসজিদটির গাঁথুনি চুন-সুরকি দিয়ে। ভেতরে এবং বাইরের দেয়ালে মেহরাব ও স্তম্ভ রয়েছে। বাঘা মসজিদের দৈর্ঘ্য ২২.৯২ মিটার, প্রস্থ ১২.১৮ মিটার এবং উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। এর দেয়াল ২.২২ মিটার পুরু। মসজিদটিতে পাঁচটি প্রবেশদ্বার রয়েছে। এর চারদিকে প্রাচীর দিয়ে ঘেরা এবং দুই দিকে দুটি প্রবেশদ্বার রয়েছে।
এটির প্রধান বিশেষত্ব হলো সম্পূর্ণ টেরাকোটার কারুকাজ। এর গাঁথুনি চুন এবং সুরকি দিয়ে তৈরি। মসজিদের ভেতরে এবং বাইরের দেয়ালে সুন্দর মেহরাব ও স্তম্ভ রয়েছে। পোড়ামাটির নকশায় আমগাছ, শাপলা ফুল, লতাপাতাসহ ফার্সি খোদাই শিল্পে ব্যবহৃত হাজার রকম কারুকাজ। মসজিদ প্রাঙ্গণের উত্তর পাশেই রয়েছে হজরত শাহদৌলা ও তার পাঁচ সঙ্গীর মাজার।
মসজিদের পাশেই ৫২ বিঘার বিশাল দিঘি। এই দিঘির পাশ দিয়ে চলাফেরার জন্য সরু রাস্তা। সুবিশাল দিঘির সামনে বসলে যে কারো মন জুড়িয়ে যায়। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হুসাইন শাহর পুত্র নাসিরউদ্দীন নুসরত শাহ জনকল্যাণার্থে মসজিদের সামনেই দিঘিটি খনন করেন।
দিঘির চারপাশে রয়েছে সারিবদ্ধ নারিকেল গাছ। প্রতিবছর শীতে এ দিঘিতে অসংখ্য অতিথি পাখির কলতানে এলাকা মুখরিত হয়ে ওঠে। বর্তমানে দিঘিটির চারটি বাঁধানো পাড় নির্মাণ করা হয়েছে। মসজিদ সংলগ্ন জহর খাকী পীরের মাজার রয়েছে। মূল মাজারের উত্তর পাশে রয়েছে তার কবর।
স্থানীয়রা জানান, ১৯৯৭ সালে মাজারের পশ্চিম পাশে খনন করা হলে ৩০ ফুট বাই ২০ ফুট আয়তনের একটি বাঁধানো পুকুরের সন্ধান মেলে। এই পুকুরটি একটি সুড়ঙ্গপথ দিয়ে অন্দরমহলের সাথে যুক্ত ছিল। তিন দিক থেকে বাঁধানো সিঁড়ি পুকুরের ভেতরে নেমে গেছে। মসজিদের ভেতরে ও বাইরে রয়েছে প্রচুর পোড়ামাটির ফলক। মসজিদের ভেতরে উত্তর-পশ্চিম কোণে একটু উঁচুতে নির্মিত একটি বিশেষ নামাজের কক্ষ আছে। মসজিদ সংলগ্ন এলাকায় প্রতিবছর ঈদুল ফিতরের দিন থেকে তিন দিন পর্যন্ত ‘বাঘা মেলা’র আয়োজন করা হয়। এ মেলাটি ৫০০ বছরের ঐতিহ্য। এই মেলায় বাঘা উপজেলার মানুষসহ জেলার বিভিন্ন উপজেলা ও পাশের জেলার অসংখ্য মানুষ অংশ নেয়।
সরেজমিনে দেখা যায়, প্রাচীন ঐতিহাসিক এ মসজিদটি দেখতে প্রতিদিন শত শত মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের ভিড় থাকে। কেউ কেউ আবার পরিবার নিয়ে এসে মসজিদের পাশেই রান্না করে খাওয়া দাওয়া করেন। অনেকে আবার হাঁস, মুরগি, ছাগল টাকাসহ বিভিন্ন জিনিস মানত করেন মনের আশা পূরণের জন্য। পুরুষ দর্শনার্থীদের অধিকাংশই এ মসজিদে দুই রাকাত নফল নামাজ পড়ে যান। নারীরাও পৃথকভাবে পর্দা দেয়া ঘেরা স্থানে নামাজ আদায় করেন। পবিত্র রমজান মাসে এলাকাবাসী এ মসজিদে জুম্মা ও তারাবিহ নামাজ আদায় করেন। এই ঐতিহ্যবাহী মসজিদটি ৫০ টাকার নোটে স্থান পেয়েছে।
দর্শনার্থী রোমানা আক্তার বলেন, আমি অনেক দুর থেকে পরিবারের সাথে এসেছি। ‘মসজিদটির অনেক নাম শুনেছি। তাই দেখতে আসা। খুব ভালো লেগেছে। নামাজ আদায় করেছি। আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করেছি।
দর্শনার্থী শামিম বলেন, আমি মসজিদটি দেখেছি ও মনের আশা পূরণের জন্য ছাগল ও টাকা মানত করেছি। শুধু শামিমই নন অনেকেই সামর্থ্য অনুযায়ী এখানে মানত করেন ও নামাজ আদায় করেন।
শামিমুল নামের স্থানীয় এক বাসিন্দা জানান, এই মসজিদটি দেখতে প্রতিদিন শতশত মানুষ আসে। তাদের মধ্যে অনেকেই নামাজ আদায় করেন। এটি এই এলাকার গৌরব।