৩০ অক্টোবর, ২০২৪
চট্টগ্রামের চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে বাসের ধাক্কায় মো. সাব্বির উদ্দিন (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে দুর্ঘটনা ঘটলে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনীর উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা হয়।
নিহত সাব্বির ওই কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। তিনি উপজেলার মোহাম্মদপুর গ্রামের তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ির মো. নাজিম উদ্দিনের ছেলে।
শিক্ষার্থীরা বলেন, আমাদের একজন সহপাঠী আজ দুর্ঘটনায় মারা গেছে। সড়ক পার হওয়ার সময় বাস তাকে চাপা দেয়। মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাসচালককে গ্রেফতার করা না হলে আমরা আন্দোলনে যাব। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কোনো জেব্রা ক্রসিং নেই। দ্রুততম সময়ে একটি জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করতে হবে। একটি ফুটওভার ব্রিজও দিতে হবে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করেছি। বাসটিকে আটকে রাখা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে