২৪ নভেম্বর, ২০২৬
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘শেখ হাসিনার কাছে নিজের ও পরিবারের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বার্থ তো দূরের কথা, প্রয়োজনে আওয়ামী লীগকেও তিনি কোরবানি দিতে পারেন।’
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন আসিফ নজরুল।
আসিফ নজরুল তার স্ট্যাটাসে লেখেন, ‘শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরপরই আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে পরিকল্পিতভাবে এসব অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। এর পেছনে তার নির্দেশনা বা প্ররোচনা রয়েছে বলে বিশ্বাস করার অনেক কারণ আছে।’
তিনি আরও লেখেন, ‘এসব কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে নিয়ে এসেছেন। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের অনেককে প্রচণ্ড বিপদের মুখে ঠেলে দিয়েছেন। দলটির প্রতি যাদের সামান্য সহানুভূতিও ছিল, তাদের জন্য এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলা কঠিন করে তুলছেন।’
সাবেক এই উপদেষ্টা লেখেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত জিঘাংসা ছিল। এর বহিঃপ্রকাশও দেখা যাচ্ছে তার অনুগতদের কর্মকাণ্ডে। গত এক মাসে তারা গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেত্রী ও তার অনুসারীরা বিবেচনায় আনেননি যে, ড. ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রচেষ্টাকে আরও অগ্রহণযোগ্য করে তুলতে পারে, সেটিও তাদের ভাবনায় নেই।’
স্ট্যাটাসে আসিফ নজরুল আরও বলেন, ‘মনে হচ্ছে, শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন। তবে এই আত্মঘাতী বোমায় ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ, শেখ হাসিনা নিজে নন।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘তারা আর কবে উপলব্ধি করবেন যে, ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে তাদের নেত্রী দলটিকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন?।’
প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতাকে কেন্দ্র করে নভেম্বরের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৪ নভেম্বরের পর থেকে দেশের অন্তত ২৮টি জেলায় অগ্নিসংযোগ ও সহিংসতার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় ২১ জেলায় নাশকতা, ককটেল হামলা ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাজনৈতিক সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন রাজনৈতিক কর্মী এবং একজন বাসকর্মী রয়েছেন।