২৪ নভেম্বর, ২০২৬
সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ, বিষ দেওয়া মাছের বেচাকেনা প্রতিরোধ এবং জলজ প্রাণবৈচিত্র্য ও বননির্ভর মানুষের জীবিকা রক্ষায় সাতক্ষীরার শ্যামনগরে সচেতনতামূলক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে ‘বিষ দিয়ে মাছ ধরব না, বিষ দেওয়া মাছ বিক্রি করতে দেব না, বিষ দেওয়া মাছ কিনব না’Ñএই তিন অঙ্গীকার বাস্তবায়নে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সাতক্ষীরাজেলার খবর
রবিবার (২৩ নভেম্বর) সকাল ৮টায় কলবাড়ী মৎস্য আড়ত সংলগ্ন এলাকা থেকে র্যালিটি শুরু হয়। বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশন ও কলবাড়ী ইউনাইটেড ক্লাবের যৌথ আয়োজনে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলবাড়ী বাজার মৎস্য আড়ত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বিষ প্রয়োগে মাছ ধরার ক্ষতিকর দিক তুলে ধরে জেলে, মৎস্য ব্যবসায়ী, আড়তদার ও ভোক্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ঘড়িকিনুন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সভাপতি ও স্থানীয় শিক্ষক মো. মুহসিন বিল্লাহ। সঞ্চালনা করেন কলবাড়ী ইউনাইটেড ক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. সেলিমুর রাজী বাপ্পি।
পথসভায় বক্তব্য দেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, কলবাড়ী ইউনাইটেড ক্লাবের আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. ফরহাদ হোসেন মুন্না, গ্রিন কোয়ালিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, মো. ওয়াহিদুল ইসলাম, মো. আফজাল হোসেন, আবু মোছা ময়না, মো. মিজানুর রহমান, মো. রহমত আলী, মো. রফিকুল ইসলাম, বারসিকের মফিজুর রহমান, মারুফ হোসেন, স.ম. ওসমান গনী সোহাগ ও জুবায়ের আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন উপকূলের প্রাণ, অসংখ্য জলজ প্রাণীর আবাসস্থল এবং বননির্ভর মানুষের জীবন-জীবিকার অন্যতম উৎস। নদী ও খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার কারণে মাছের পোনা, চিংড়ি, কাঁকড়াসহ বিভিন্ন জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূষিত হচ্ছে পানির পরিবেশ, ব্যাহত হচ্ছে মাছের প্রজনন ও প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল। বিষযুক্ত মাছ মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হলে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে। মাছের প্রাকৃতিক মজুত কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত জেলে ও তাঁদের পরিবার।
পথসভা থেকে কলবাড়ী বাজার মৎস্য আড়তে বিষ প্রয়োগে আহরিত মাছের ক্রয়-বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণ বন্ধের আহ্বান জানানো হয়। পাশাপাশি বিষযুক্ত মাছ শনাক্ত করে বাজারে প্রবেশ ঠেকানো, এ ধরনের ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা কলবাড়ী বাজার মৎস্য আড়তকে বিষমুক্ত মাছের নিরাপদ ও পরিবেশবান্ধব বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তুলতে জেলে, ব্যবসায়ী, আড়তদার, বনজীবী, বন বিভাগ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। আয়োজকরা সুন্দরবন রক্ষায় তিনটি ‘না’-এর অঙ্গীকারকে ব্যক্তিগত সচেতনতা থেকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে সিরিও, বারসিক, কলবাড়ী বাজার মৎস্য বণিক সমিতি ও ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ সংহতি প্রকাশ করে।