২৫ নভেম্বর, ২০২৬
অফিস ছুটি হয়ে গেলেও অনেক সময় কাজের চিন্তা মাথা থেকে সরে না । কম্পিউটারে খুলে রাখা অসংখ্য ব্রাউজার ট্যাবের মতো অসমাপ্ত কাজগুলো মস্তিষ্কে বাড়তি চাপ তৈরি করে এবং মনোযোগ কমিয়ে দেয়। মনোবিজ্ঞানের ভাষায় অসমাপ্ত কাজ বারবার মনে পড়ার এই প্রবণতাকে বলা হয় ‘জাইগারনিক ইফেক্ট’। এর ফলে সৃষ্ট মানসিক ক্লান্তি দূর করতে পাঁচটি সহজ করণীয় জানিয়েছেন বিশেষজ্ঞরা।
১৯২৭ সালে রুশ মনোবিজ্ঞানী ব্লুমা জাইগারনিক দেখান, সম্পন্ন কাজের চেয়ে মাঝপথে থেমে যাওয়া কাজ মানুষের মনে বেশি থাকে। তার তত্ত্বাবধায়ক কার্ট লিউইন লক্ষ করেছিলেন, রেস্তোরাঁর ওয়েটাররা বিল পরিশোধের আগপর্যন্ত বড় অর্ডার মনে রাখলেও পরে ভুলে যান। জার্মানির ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস বন-রাইন-জিগের মনোবিজ্ঞানের অধ্যাপক ক্রিস্টিন সাইরেক জানান, মস্তিষ্ক কাজ শেষ করতে চায়; তবে সপ্তাহ শেষে কাজ অসমাপ্ত থাকলে মানসিক চাপ, ঘুমের ব্যাঘাত ও কাজ নিয়ে দুশ্চিন্তা বাড়ে। ক্লান্তি কমাতে প্রথমত সময়ভিত্তিক লক্ষ্য ও স্পষ্ট পরিকল্পনা জরুরি। সকালে কাজের অগ্রাধিকার লিখে রাখলে মস্তিষ্ক নিশ্চিন্ত থাকে ও চাপ কমে।
দ্বিতীয়ত, কাজের বাইরে নোটিফিকেশন বন্ধ রাখা ও নির্দিষ্ট সময়ে ইমেইল-বার্তা দেখা উচিত; এতে কাজ ও পরিবারের দ্বন্দ্ব কমে। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার কগনিটিভ সায়েন্সের সহকারী অধ্যাপক জোয়ান অংচোকো বলেন, অবসরেও মস্তিষ্ক সমস্যা সমাধানে ব্যস্ত থাকতে পারে।
তৃতীয়ত, সম্ভব হলে একাধিক প্রকল্প একসঙ্গে না চালিয়ে একটি শেষ করে পরেরটিতে যাওয়া ভালো। অংচোকোর মতে, এতে কর্মক্ষম স্মৃতির চাপ কমে ও উদ্যম বাড়ে। চতুর্থত, ছুটির আগে সব শেষ না হলে কাজটি এমনভাবে গুছিয়ে রাখা উচিত, যেন ফিরে সহজে শুরু করা যায়। বড়দিনের ছুটির আগে-পরে চালানো এক গবেষণায় দেখা গেছে, কম কাজ অসমাপ্ত রাখলে সুস্থতা ভালো থাকে।
পঞ্চমত, কাজ শেষের সংকেত দিতে পরিবেশ বদলের পরামর্শ দিয়েছেন ইউনিভার্সিটি অব গ্রোনিংগেনের সাংগঠনিক মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক অলিভার ভাইগেল্ট। হাঁটতে বের হওয়া বা ল্যাপটপ অন্য ঘরে রাখলে মানসিক দূরত্ব তৈরি হয়। অংচোকোর মতে, দরজা পেরিয়ে অন্য ঘরে গেলে মস্তিষ্ক স্মৃতি খালি করে নতুন জায়গা করে নেয়। ‘অভসিয়ানকিনা ইফেক্ট’ অনুযায়ী, অসমাপ্ত কাজ শেষ করার তাগিদও দেয়; তবে কখন তা বাড়তি চাপ তৈরি করছে, তা চিনতে হবে।