২৫ নভেম্বর, ২০২৬
সীমান্তের নিরাপত্তা জোরদার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে দেশত্যাগ, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ ঠেকাতে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ও দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
সংশ্লিষ্ট দুই সূত্র জানিয়েছে, সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি রাতের অন্ধকারে নজরদারি বাড়াতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপনের মাধ্যমেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ কিংবা দেশ থেকে বের হতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি করা হচ্ছে।
তিনি আরও বলেন, নজরদারি কার্যকর করতে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক কোনো ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
অন্যদিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা অনুপ্রবেশের চেষ্টা বরদাস্ত করা হবে না। সীমান্তের প্রতিটি স্পর্শকাতর এলাকায় বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও বর্তমান পরিস্থিতিতে সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন। সীমান্ত এলাকায় অপরিচিত ব্যক্তির চলাচল কিংবা সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে বিজিবিকে জানানোর বিষয়ে সচেতন রয়েছেন তারা। সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।