২৬ নভেম্বর, ২০২৬
২০২৫-২৬ শিক্ষাবর্ষে পূর্ণকালীন শিক্ষার্থী ভর্তির জন্য স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)। বিশ্ববিদ্যালয়টির দুটি বিভাগের অধীনে মোট চারটি প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদনে আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিভাগ ও প্রোগ্রামসমূহ
বিজ্ঞপ্তি অনুযায়ী, যে দুটি বিভাগের অধীনে চারটি প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে সেগুলো হলো—
সাইবার ফিজিক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং অনুষদের ইন্টারনেট অব থিংস এন্ড রোবোটিক্স বিভাগ: এই বিভাগের অধীনে ‘মাস্টার অব সায়েন্স ইন ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং (এমএসসি ইঞ্জিনিয়ারিং)’ এবং ‘মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ইন ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং (এমইঞ্জি)’ প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে।
ডিজিটাল ট্রান্সফরমেশন ইঞ্জিনিয়ারিং অনুষদের এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ: এই বিভাগে ‘মাস্টার অব সায়েন্স ইন এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসসি ইঞ্জিনিয়ারিং)’ এবং ‘মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ইন এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমইঞ্জি)’ প্রোগ্রামে ভর্তির সুযোগ থাকছে।
আবেদনের সময়সীমা ও পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্নাতকোত্তর ভর্তি পোর্টালের (https://pgadmission.uftb.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ২৮ নভেম্বর থেকে আবেদন কার্যক্রম শুরু হয়ে চলবে ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি বাবদ ১ হাজার ৫০০ টাকা (অফেরতযোগ্য) অনলাইনে জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি প্রক্রিয়া
আবেদনের সময় প্রার্থীদের সব পাবলিক পরীক্ষার সনদ ও মার্কশিট বা ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। এ ছাড়া ইউএফটিবি ছাড়া অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হলে বিষয়ভিত্তিক সমতুল্যতার (ইকুইভ্যালেন্স) সনদ জমা দেওয়া বাধ্যতামূলক। অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
ভর্তির চূড়ান্ত মনোনয়নের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। ভর্তির যোগ্যতা ও পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে