২৭ নভেম্বর, ২০২৬
সৌদি আরবের আবহা প্রদেশে পাহাড়ি সড়কে দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় মাছবাহী একটি ফ্রিজার ভ্যান দুর্ঘটনার কবলে পড়লে তাঁরা প্রাণ হারান।
নিহতরা হলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকার আশরাফ উদ্দিন রনি এবং ফ্রিজার ভ্যানের চালক নোয়াখালীর কামরুল হাসান।
নিহত আশরাফের চাচা মীর হোসাইন জানান, মাছ পরিবহনের কাজে ফ্রিজার ভ্যানটি আবহা শহর থেকে জিজান শহরের দিকে যাচ্ছিল। পথে পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে চালক কামরুল হাসান ও ভ্যানে থাকা আশরাফ উদ্দিন রনি নিহত হন।
তিনি আরও জানান, প্রায় দুই মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন আশরাফ। ছুটি শেষে আবার সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান তিনি। বর্তমানে নিহত দুজনের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।