☰
✕

নেত্রকোনায় পাসপোর্ট করতে গিয়ে দালালসহ দুই রোহিঙ্গা আটক

২৭ নভেম্বর, ২০২৬

 

নেত্রকোনায় স্থানীয় দালালদের মাধ্যমে জাল জন্মনিবন্ধনসহ ভুয়া কাগজপত্র তৈরি করে পাসপোর্ট করতে গিয়ে চারজন আটক হয়েছেন। আটকদের মধ্যে দুজন রোহিঙ্গা নারী-পুরুষ এবং দুজন স্থানীয় দালাল। শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে তাদের আদালতে সোপর্দ করেছে পূর্বধলা থানার পুলিশ।

আটক দুই রোহিঙ্গা হলেন তরুণী কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯) এবং তার বাবা রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০)। এ ছাড়া আটক দুই দালাল হলেন পূর্বধলা উপজেলার পাটলি গ্রামের আব্দুল জলিল (৪২) ও ইলাশপুর গ্রামের মো. আজিজুল (৩০)।

পুলিশ জানায়, ওই দুই রোহিঙ্গা বেশ কিছুদিন আগে টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। কিছুদিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানের পর প্রায় দুই মাস আগে তারা নেত্রকোনার পূর্বধলার আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামের আব্দুল জলিলের বাড়িতে আশ্রয় নেন। এরপর আব্দুল জলিল ও আজিজুলের সহযোগিতায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) তিন উদ্যোক্তাকে ম্যানেজ করে জাল কাগজপত্র তৈরি করা হয়। এর মাধ্যমে গত ১৭ সেপ্টেম্বর রোহিঙ্গা নারী শাহারা খাতুন নামে আগিয়া ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন নেন। একইভাবে তার বাবা রশিদউল্লাহ নিজের নাম পরিবর্তন করে মোহাম্মদ বদিউল আলম রাখেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে স্থানীয় ওই দুই দালালের সঙ্গে তারা নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করতে যান। এ সময় তাদের কথাবার্তা ও কাগজপত্র যাচাই করে সন্দেহ হয় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলামের। তিনি সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে বিষয়টি আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরীকে জানান। তাদের সঙ্গে থাকা দুই দালালকেও আটক করা হয়। পরে চেয়ারম্যান তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় ইউএনও তাদের পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন পূর্বধলার আগিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মিঠুন চন্দ্র দাস (৪০) ও জয় ঘোষ (২৮) এবং পূর্বধলা সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হুমায়ুন কবির (৩০)।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে জন্মনিবন্ধন তৈরিতে জড়িত থাকার অভিযোগে তিন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।