☰
✕

কোয়েটা গ্ল্যাডিয়েটরসের নেতৃত্ব তরুণ ক্রিকেটার

২৮ নভেম্বর, ২০২৬

আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মৌসুমের আগে কোয়েটা গ্ল্যাডিয়েটরস জাতীয় ক্রিকেট দলের তারকা হাসান নাওয়াজকে তাদের অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে। দলটির অধিনায়ক হিসেবে নাওয়াজকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্তরা সাধুবাদ জানিয়েছেন

এর আগের দুটি আসরে গ্ল্যাডিয়েটরসের হয়ে তিনি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হাসান নাওয়াজকে দলের নেতা হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি স্পষ্ট করে দিয়েছে, তারা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

এই ঘোষণাটি এমন এক সময়ে এল, যখন ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বর্তমান মালিকরা তাদের শেয়ার বিক্রি করে দিতে চান। তবে শুক্রবার এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমানে তারা ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা বিক্রির কথা ভাবছেন না।

তবে কোনো আকর্ষণীয় প্রস্তাব পেলে তারা বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করতেও পারেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিটি পিসিবির কাছে ৩ বিলিয়ন পাকিস্তানি রুপি (পিকেআর) মূল্যের একটি প্রস্তাব নিয়ে গিয়েছিল। তবে মালিকানা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

দলটি এক বিবৃতিকে জানিয়েছে, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রতি আমাদের ভালোবাসা বহু বছরের কঠোর পরিশ্রমের ফসল।  ফ্র্যাঞ্চাইজিটির মালিকরা কেবল তখনই এটি বিক্রির কথা বিবেচনা করবেন, যদি তারা এমন কোনো প্রস্তাব পান যা ‘প্রত্যাখ্যান করা অসম্ভব’।

বিবৃতি প্রকাশের পরপরই ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে, পিএসএলের পরবর্তী মৌসুমে হাসান নওয়াজ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এই ব্যাটার এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে কয়েকটি লিগ মৌসুমে খেলেছেন। পিএসএলের গত আসরে গ্ল্যাডিয়েটর্সের হয়ে প্রথম মৌসুম তিনি ১২টি ম্যাচ ও ১০টি ইনিংসে মোট ৩৯৯ রান করেছিলেন; তার ব্যাটিং গড় ছিল ৫৭.০০ এবং স্ট্রাইক রেট ছিল ১৬২.১৯।

পরের মৌসুমে তার ফর্ম কিছুটা পড়তির দিকে ছিল। পিএসএলের চলতি বছরের অনুষ্ঠিত আসরে তিনি ১০ ইনিংসে ২৯১ রান করেন, যেখানে তার গড় ছিল ৩২.৩৩ এবং স্ট্রাইক রেট ছিল ১৩৪.১০। সম্প্রতি নওয়াজ ‘এশিয়া কাপ রাইজিং স্টার’ টুর্নামেন্টে পাকিস্তান-‘এ’ ক্রিকেট দলের হয়ে খেলেছেন। এই টুর্নামেন্টে ভারত-এ দলের বিপক্ষে তিনি দুর্দান্ত পারফর্ম করেন। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হাসান নওয়াজ ব্যাট হাতে ৭৯ রান করার পাশাপাশি বল হাতে তিনটি উইকেটও শিকার করেন।

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে এখন পর্যন্ত ৩০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ২৯ ইনিংসে তিনি ৬১৬ রান করেছেন; তার ব্যাটিং গড় ২৪.৬৪ এবং স্ট্রাইক রেট ১৫৫.১৬। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ফরম্যাটে তিনি এখন পর্যন্ত একটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন।

ওয়ানডে ফরম্যাটে তিনি নয়টি ম্যাচ খেলে ২৯৮ রান করেছেন। এই সময়ে নওয়াজের গড় ছিল ৪৯.৬৬ এবং তিনি দুটি অর্ধশতক করেছেন। মূলত তার এই দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই তাকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত পিএসএলের পরবর্তী আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।