২৮ নভেম্বর, ২০২৬
পৃথিবীর সবকিছু আল্লাহর সৃষ্টি। সব সৃষ্টির প্রতি দয়া করতে হবে। বিশেষভাবে যে কোনো প্রাণীর প্রতি অবশ্যই সদয় ব্যবহার করতে হবে। অনুগ্রহ করতে হবে। মহান আল্লাহর সৃষ্টি জীবের প্রতি দয়া করা মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহ তায়ালা সেই বান্দাকে বেশি ভালোবাসেন, যে বান্দা জীবের প্রতি বেশি দয়াবান। প্রিয় নবী (সা.) সব সময় প্রাণীর প্রতি দয়া ও মেহেরবানি করতে সাহাবাদের উদ্বুদ্ধ করতেন। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত রসুল (সা.) বলেছেন, আল্লাহ মেহেরবান। তিনি মেহেরবানি পছন্দ করেন। মেহেরবানির জন্য তিনি যা দান করেন, কঠোরতার জন্য তা দান করেন না। মেহেরবানি ছাড়া অন্য কিছুতেই তা দান করেন না। (মুসলিম শরিফ)। এ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে, আল্লাহ তায়ালা ওই বান্দাকে বেশি ভালোবাসেন, যে বেশি মেহেরবান। বেশি দয়ালু। কাজেই আমাদের দয়ালু হতে হবে। মেহেরবান হতে হবে। আরেক হাদিসে এসেছে-হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, রসুল (সা.) বলেছেন, আমি কি তোমাদের ওই ব্যক্তির সংবাদ দেব না, যার ওপর দোজখের আগুন হারাম এবং যে ব্যক্তি দোজখের জন্য হারাম। সে হলো ওই ব্যক্তি যে ভদ্র, মিশুক এবং বিনম্র। (আবু দাউদ, তিরমিজি)। অর্থাৎ ভদ্র ব্যক্তি, মিশুক ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। নম্র ব্যক্তি এবং বিনয়ী ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। আরও এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, রসুল (সা.) বলেছেন, অনুগ্রহকারীদের প্রতি পরম করুণাময় অনুগ্রহ করে থাকেন। তোমরা দুনিয়াবাসীর ওপর অনুগ্রহ করো, এতে আসমানে অবস্থানকারী তোমাদের ওপর অনুগ্রহ করবেন। (আবু দাউদ, তিরমিজি)। পৃথিবীর সব মানুষ, এমনকি অন্যান্য জীবজন্তু মহান আল্লাহর সৃষ্টি। এরা আল্লাহর পরিবারের মতো। আমাদের পরিবারের কোনো সদস্যের প্রতি কেউ দয়া করলে আমরা যেমন খুশি হই, আনন্দিত হই, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি খুশি হন মহান আল্লাহ, যখন তাঁর কোনো বান্দা অন্য বান্দাকে সাহায্য করেন। দয়া করেন। অনুগ্রহ করেন। এমনকি অন্যান্য সৃষ্টিজীবের ওপর দয়া করার কারণে আল্লাহ তায়ালা কঠিন গুনাহও মাফ করে দেন। এ বিষয়ে হাদিসে একটি ঘটনা এসেছে। হজরত আবু হোরায়রা (রা.) বলেন, রসুল (সা.) বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলছিল। তার খুব পিপাসা পেল। তারপর একটি কুয়া পেল। সে তাতে নেমে পানি পান করল। কুয়া থেকে বেরিয়ে দেখল, একটি কুকুর পিপাসায় বারবার জিভ বের করে কাদামাটি চাটছে। লোকটি মনে মনে বলল, পিপাসার কারণে আমার যে অবস্থা হয়েছিল কুকুরটিরও সেই অবস্থা। তারপর সে আবার কুয়ায় নেমে নিজের পায়ের মোজায় পানি ভরে ওপরে নিয়ে এলো এবং কুকুরটিকে পান করাল। এ কারণে আল্লাহ তায়ালা তাকে প্রতিদান দিলেন এবং তাকে মাফ করে দিলেন। সাহাবিরা আরজ করলেন, হে আল্লাহর রসুল, চতুষ্পদ প্রাণীর কারণেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে? রসুল (সা.) বললেন, হ্যাঁ, প্রত্যেক জীবন্ত প্রাণীর উপকারের মধ্যেই সওয়াব রয়েছে। (বুখারি ও মুসলিম)।
সৃষ্টিজীবের প্রতি দয়া করা যেমন সওয়াবের কাজ তেমনি সৃষ্টিজীবকে কষ্ট দেওয়া গুনাহের কারণ। হজরত ইবনে ওমর (রা.) বলেন, রসুল (সা.) বলেছেন, এক মহিলা একটি বিড়ালের কারণে জাহান্নামে গেছে। কেননা সে তাকে বেঁধে রেখেছে আর কোনো খাবার দেয়নি। জমিনে পোকামাকড় খাওয়ার জন্য তাকে সে ছেড়ে দেয়নি। (বুখারি ও মুসলিম)। এ হাদিস থেকে আমরা ভালোভাবে বুঝতে পারি যে, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। তা যত ছোট প্রাণীই হোক না কেন। প্রাণী ও জীবজন্তু আটকে রাখা যাবে না। আমার-আপনার মনে আনন্দ দানের জন্য কোনো প্রাণী, মাছ, পাখিকে বদ্ধ করা যাবে না। খাঁচায় আবদ্ধ করা যাবে না। পশু-পাখিকে তাদের নিজের মতো করে ছেড়ে দিতে হবে। তারা তাদের ভুবনে বেঁচে থাকবে। তাদের মুক্ত-স্বাধীন স্বাভাবিক জীবনযাপনে বাধা দেওয়া অন্যায়। আমরা পৃথিবীতে এসেছি খুবই সামান্য সময়ের জন্য। এ অল্প সময়ে আমরা যদি কারও উপকার করতে নাও পারি, তাহলে অন্তত কারও ক্ষতি যেন না করি। কারও কষ্টের কারণ না হই। সবার উপকার করার চেষ্টা করব। সব মানুষের সঙ্গে ভালো কথা বলব। কারণ ভালো কথা বলার বিনিময়েও রয়েছে সওয়াব। এ বিষয়ে হজরত আবু হোরায়রা (রা.) বর্ণিত হাদিসে বলা হয়েছে, নবীজি (সা.) বলেছেন, উত্তম কথাও সদকা। (বুখারি)। অর্থাৎ সদকা করলে যে সওয়াব, উত্তম কথা বললেও সেই সওয়াব। মহান আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন।
লেখক : খতিব, সমিতি বাজার মসজিদ, নাখালপাড়া, ঢাকা