২৮ নভেম্বর, ২০২৬
আলেমরা মুসলিম সমাজের পথ প্রদর্শক ও নেতা। শেষ নবী মুহাম্মদ (সা.)-এর ইন্তেকালের পর তাঁরাই ঐশী জ্ঞানের ধারক ও নববী জ্ঞানের উত্তরাধিকারী।
কোরআন ও হাদিসে আলেমদের অসংখ্য মর্যাদা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আবেদদের ওপর আলেমদের মর্যাদা তেমন, পূর্ণিমার রাতে অন্যান্য তারকার ওপর চাঁদের মর্যাদা যেমন।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৩৬৪১)
তবে আলেমদের এই মর্যাদা নিঃশর্ত নয়। কোরআন ও হাদিসে বর্ণিত আলেমদের মর্যাদা তাঁদের জন্যই প্রযোজ্য হবে, যাঁরা আলেমসুলভ বৈশিষ্ট্য অর্জন করতে পারবেন।
আল্লাহভীরু আলেমদের ১০ বৈশিষ্ট্য
পূর্বসূরি আলেমরা হক্কানি রব্বানি আলেমদের একাধিক বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। যার ভেতর বিশেষ ১০টি বৈশিষ্ট্য তুলে ধরা হলো—
১. অন্তরে আল্লাহর ভয় থাকা : একজন হক্কানি আলেমের প্রধান বৈশিষ্ট্য হলো তাঁর অন্তরে সর্বদা আল্লাহর ভয় বিরাজ করবে। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে প্রকৃতপক্ষে আলেমরাই তাঁকে (যথাযথ) ভয় করে।’ (সুরা ফাতির, আয়াত : ২৮)
২. বিশুদ্ধ জ্ঞানের ধারক হওয়া : একজন আলেম অবশ্যই বিশুদ্ধ উৎসগুলো থেকে জ্ঞান অর্জনে সচেষ্ট থাকেন।
জ্ঞানের বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত না হয়ে অন্য কারো ভেতর তা প্রচার না করা। আবদুল্লাহ বিন মাসউদ (রা.) বলেন, ‘যে জানে সে যেন তাই বলে, আর যে জানে না সে যেন বলে, আল্লাহ সর্বাধিক অবগত। কারণ এটাও একটা জ্ঞান যে, যার যে বিষয় জানা নেই সে বলবে, আমি এ বিষয়ে জানি না।’ (সহিহ বুখারি, হাদিস : ৪৭৭৪)
৩. সুন্নতের অনুসারী হওয়া : ইত্তেবায়ে সুন্নত তথা সুন্নতে নববীর আলোকে জীবন গঠন করাই একজন হক্কানি আলেমের অন্যতম বৈশিষ্ট্য। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই রাসুলের জীবনে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।’ (সুরা আহজাব, আয়াত : ২১)
৪. ইখলাস থাকা : একজন সত্যিকার আলেমের সব কথা ও কাজ পরিচালিত হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কেননা ইখলাস ছাড়া আমল আল্লাহ কবুল করেন না। নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আলেমদের ওপর গর্ব করার জন্য অথবা মূর্খদের সঙ্গে তর্কবিতর্ক করার জন্য অথবা মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য জ্ঞানার্জন করে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন।’ (জামে তিরমিজি, হাদিস : ২৬৫৪)
৫. ইলম অনুযায়ী আমল করা : ইলম অনুযায়ী আমল করা একজন আলেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে তার ইলম অনুযায়ী আমল করে না, কিয়ামতের দিন তার অবস্থা এভাবে তুলে ধরা হয়েছে—জাহান্নামিরা তার চারপাশে জড়ো হবে এবং তাকে লক্ষ্য করে বলবে, হে অমুক! তোমার এ কি অবস্থা? তুমি না সর্বদা আমাদের ভালো কাজের উপদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করতে? তখন লোকটি জবাবে বলবে, আমি তোমাদের ভালো কাজের আদেশ দিতাম; কিন্তু নিজে তা করতাম না। আমি তোমাদের মন্দ কাজ থেকে নিষেধ করতাম; কিন্তু আমি নিজেই সে কাজ করতাম। (মিশকাতুল মাসাবিহ, হাদিস : ৫১৩৯)
৬. হকের ওপর অবিচল থাকা : একজন আলেম সত্য গ্রহণে এবং তার ওপর অবিচল থাকতে কখনো দ্বিধাগ্রস্ত হন না। কেননা আল্লাহ বলেছেন, ‘সত্য কেবল তোমার পালনকর্তার পক্ষ থেকে আসে। অতএব, তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয়ো না।’ (সুরা আলে ইমরান, আয়াত : ৬০)
৭. উত্তম চরিত্রের অধিকারী হওয়া : সচ্চরিত্র ও উত্তম আচরণে আলেমরা হবেন মানুষের জন্য আদর্শ। তাঁদের দেখে মানুষ নৈতিকতা শিখবে। নবীজি (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বাপেক্ষা উত্তম যে চরিত্রের দিক থেকে উত্তম।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৫৫৯)
৮. সহনশীল হওয়া : একজন আলেম অবশ্যই সহনশীল হবেন। যেন মানুষ তাঁর জ্ঞান ও আমল দ্বারা উপকৃত হতে পারে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আপনি যদি কর্কশভাষী, কঠোর হৃদয় হতেন তাহলে তাঁরা আপনার সংসর্গ থেকে দূরে সরে যেত।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৫৯)
৯. সত্য উচ্চারণে নির্ভীক হওয়া : আলেম সত্য বলতে ও প্রকাশ করতে কখনো দ্বিধাবোধ করবেন না, বরং তিনি আল্লাহর সর্বদা সত্য ও সঠিক অবস্থান তুলে ধরবেন। বৈরী পরিবেশে মানুষ তাঁর কাছে সত্য জানতে চাইলে তিনি তা গোপন বা আড়াল করেন না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কাউকে তার জ্ঞাত কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হলে যদি সে তা গোপন রাখে, কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। (সুনানে আবু দাউদ, হাদিস : ৩৬৫৮)
১০. মানবকল্যাণে কাজ করা : একজন আলেম মানুষের কল্যাণে বিশেষ করে তাদের পরকালীন মুক্তির জন্য কাজ করবেন। ইমাম গাজালি (রহ.) বলেন, ‘নবুয়তের পর চারটি গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হলো মানুষকে জ্ঞান দান করা, তাদের আত্মাকে ধ্বংসাত্মক নিন্দনীয় চরিত্র থেকে পরিশুদ্ধ করা এবং সৌভাগ্য অর্জনকারী প্রশংসনীয় চরিত্রের দিকে পরিচালিত করা।’ (ইহইয়াউ উলুমুদ্দিন, ইলম অধ্যায়)
আল্লাহ সবাইকে প্রকৃত আলেম হওয়ার তাওফিক দিন। আমিন।