☰
✕

জরুরি কাজ ফেলে রাখেন?

২৯ নভেম্বর, ২০২৬

আমরা প্রত্যেকেই নিজেদের কাছে এমন অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকি, যা শেষ পর্যন্ত পূরণ করতে পারব কি না, তা নিয়ে আমাদের নিজেদেরই সন্দেহ থাকে। আর যখন নির্ধারিত সময়ের মধ্যে সেই কাজগুলো সম্পন্ন করতে পারি না, তখন তীব্র অপরাধবোধ ও ভয় আমাদের গ্রাস করে ফেলে। কাজ পিছিয়ে দেওয়ার প্রবণতাকে (procrastination) অনেক সময় অলসতা, শৃঙ্খলার অভাব, ক্লান্তি বা সময় ব্যবস্থাপনায় অক্ষমতা হিসেবে দেখা হয়। তবে মনোবিজ্ঞানের গবেষণায় গুরুত্বপূর্ণ কাজগুলো সময়মতো সম্পন্ন করার ইচ্ছা এবং বাস্তবে তা করতে গিয়ে হিমশিম খাওয়ার মধ্যকার এই নিরন্তর লড়াই নিয়ে অনেক আকর্ষণীয় তথ্য ও অন্তর্দৃষ্টি উঠে এসেছে। 

অনেক সময়, কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করাটা যতটা সহজ মনে হয়, আসলে ততটা সহজ হয় না। কাজ শুরু করার আগেই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অনুমান করতে পারি যে, কাজটি করতে বসলে আমাদের কেমন অনুভূতি হতে পারে। তা অপরাধবোধ, ভয়, উদ্বেগ বা হতাশা- যাই হোক না কেন। কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাসের সঙ্গে আবেগ নিয়ন্ত্রণের (emotional regulation) অর্থাৎ নিজের আবেগীয় জগতকে শনাক্ত করা, পরিচালনা করা এবং সে অনুযায়ী সাড়া দেওয়ার সক্ষমতার গভীর সম্পর্ক থাকতে পারে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।

কখনও কখনও, কাজ পিছিয়ে দেওয়ার পেছনে যে অস্বস্তিকর অনুভূতি কাজ করে, তা হয়তো সরাসরি সেই কাজের সঙ্গে সম্পর্কিত নয়, বরং কাজ শুরু করার ধারণাটির সঙ্গেই জড়িত।

যখন কোনো কাজ সম্পন্ন করার চেয়ে তা পিছিয়ে দেওয়া বেশি স্বস্তিদায়ক মনে হয়

মনোবিজ্ঞানী ফুশিয়া সিরোয়িস এবং টিমোথি পাইচিল -এর ২০১৩ সালে ‘সোশ্যাল অ্যান্ড পার্সোনালিটি সাইকোলজি কম্পাস’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে, যার শিরোনাম ছিল ‘প্রোক্রাস্টিনেশন অ্যান্ড দ্য প্রায়োরিটি অব শর্ট-টার্ম মুড রেগুলেশন: কনসিকোয়েন্সেস ফর ফিউচার সেলফ’ কাজ পিছিয়ে দেওয়ার প্রবণতা এবং আবেগ নিয়ন্ত্রণের মধ্যকার সম্পর্কটি অন্বেষণ করেছেন। গবেষকদের মতে, কাজ পিছিয়ে দেওয়ার প্রবণতাকে আংশিকভাবে তাৎক্ষণিক মেজাজ বা মানসিক অবস্থার উন্নতির (short-term mood repair) একটি প্রচেষ্টা হিসেবে বোঝা যেতে পারে।

মনোবিজ্ঞানের দৃষ্টিতে, যারা গুরুত্বপূর্ণ কাজ বারবার পিছিয়ে দেন, তারা কেবল অলস এমনটা নাও হতে পারে; বরং অস্বস্তিকর আবেগগুলো সামলাতে হিমশিম খাওয়াও এই অভ্যাসের একটি কারণ হতে পারে।

ধরা যাক, আপনাকে একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনার (presentation) প্রস্তুতি নিতে হবে। আপনি জানেন যে কাজটি শেষ করা প্রয়োজন, এমনকী কোথা থেকে শুরু করতে হবে সে সম্পর্কেও আপনার হয়তো স্পষ্ট ধারণা আছে। তবে নিজের চিন্তাভাবনাগুলোকে গুছিয়ে নেওয়া, সঠিক শব্দ নির্বাচন করা কিংবা অন্যদের সামনে সেগুলো উপস্থাপন করার কথা ভাবলে মনে এক ধরনের উদ্বেগের সৃষ্টি হতে পারে। এই অনুভূতির মুখোমুখি হওয়ার পরিবর্তে, আপনি হয়তো অন্য কিছু দেখা, ফোন চেক করা বা তুলনামূলক সহজ কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ার সিদ্ধান্ত নিলেন।

কিছুক্ষণের জন্য মনে হয় যেন চাপটি উধাও হয়ে গেছে। উপস্থাপনার বিষয়টি এড়িয়ে যাওয়ার ফলে সমস্যার সমাধান হয়নি ঠিকই, কিন্তু এর সঙ্গে জড়িত অস্বস্তিটুকু সাময়িকভাবে দূর হয়েছে। এই তাৎক্ষণিক স্বস্তি কাজটিকে পিছিয়ে দেওয়াকে একটি সহজ বিকল্প হিসেবে তুলে ধরতে পারে। যদিও আমরা জানি যে, শেষ পর্যন্ত আমাদের সেই কাজটিতে ফিরে আসতেই হবে। বর্তমানের আপনি হয়তো কিছুটা স্বস্তি পেলেন, কিন্তু ভবিষ্যতের আপনার ওপর এসে পড়ল অসমাপ্ত কাজের বোঝা, আর তা সম্পন্ন করার জন্য হাতে সময়ও হয়তো আগের চেয়ে কম রইল।

সব সময় যে কেবল সময়ের অব্যবস্থাপনার কারণেই এমনটা হয়, তা কিন্তু নয়

আমরা কেন কাজ পিছিয়ে দিই এর পেছনে কোনো একটি নির্দিষ্ট কারণ নেই; এটি আবেগ নিয়ন্ত্রণ বা সময়ের ব্যবস্থাপনার মতো বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত হতে পারে। মনোবিজ্ঞানী পিয়ার্স স্টিল ২০০৭ সালে 'সাইকোলজিক্যাল বুলেটিন'-এ প্রকাশিত একটি মেটা-বিশ্লেষণে কাজ পিছিয়ে দেওয়ার (procrastination) প্রবণতা নিয়ে হওয়া ৬৯১টি গবেষণার ফলাফল পর্যালোচনা করেন এবং এর সঙ্গে জড়িত বেশ কিছু কারণ চিহ্নিত করেন। এর মধ্যে রয়েছে কাজের প্রতি অনীহা (task aversiveness), আবেগপ্রবণতা, নিজের সক্ষমতার ওপর আস্থার অভাব (low self-efficacy) এবং কাজের ফলাফল বা পুরস্কার পাওয়ার মধ্যবর্তী দীর্ঘ সময়। কোনো কাজ হয়তো আমাদের কাছে আকর্ষণীয় মনে হয় না, অথবা একঘেয়ে, কঠিন, জটিল কিংবা অপছন্দনীয় হওয়ার কারণে মনে হতে পারে যে, এটি করার কোনো তাড়া নেই। অন্যদিকে, নিজের সক্ষমতার ওপর আস্থার অভাব বলতে বোঝায়, কোনো কাজ সম্পন্ন করার বা তা সফলভাবে শেষ করার সামর্থ্যের ওপর নিজেরই যথেষ্ট বিশ্বাস না থাকা।

উদাহরণস্বরূপ, ধরুন কাউকে নিজের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আবেদনপত্র লিখতে হবে। কিন্তু তিনি ঘণ্টার পর ঘণ্টা এই ভেবেই উদ্বিগ্ন হয়ে কাটালেন যে, লেখাটি কেমন শোনাবে, তার অর্জনগুলো যথেষ্ট ভালো কি না, কিংবা অন্যরা এটি কীভাবে গ্রহণ করবে।

তিনি যত বেশি সময় ধরে এই দুশ্চিন্তাগুলো নিয়ে পড়ে থাকবেন, কাজটি ততই কঠিন বা জটিল বলে মনে হতে পারে। কাজটিকে পিছিয়ে দিলে যে অস্বস্তিকর অনুভূতিগুলো বারবার জেগে ওঠে, সেগুলো কিন্তু কমে যাবে না। এটি হয়তো কাজটিকে আরও বেশি কঠিন বা দুরূহ করে তুলতে পারে। তাই এটি মনে রাখা জরুরি যে, কোনো কাজ পিছিয়ে দেওয়া বা গড়িমসি করা মানেই যে কেউ অলস সময় কাটাচ্ছে বা ইচ্ছাকৃতভাবে বিশ্রাম নিচ্ছে, তা কিন্তু নয়। অনেক সময় কোনো কাজ শুরু করার কথা ভাবলেই তা অত্যন্ত জটিল বা মানসিকভাবে ক্লান্তিকর মনে হতে পারে।

মাঝেমধ্যে বিরতি নেওয়া আমাদের সতেজ করে তুলতে পারে এবং পুনরায় কাজে ফেরার শক্তি জোগাতে পারে; কিন্তু যে কাজটি করার কথা, তা বারবার পিছিয়ে দিতে থাকলে তা একপর্যায়ে আমাদের কর্মক্ষমতাকে পঙ্গু করে দিতে পারে।

আবেগ নিয়ন্ত্রণ করতে শেখা

লার্নিং অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস জার্নালে ২০১৬ সালে প্রকাশিত একটি আকর্ষণীয় গবেষণায়, যার শিরোনাম ছিল ওভারকাম প্রোকাস্টিনেশন: এনহ্যান্সিং ইমোশন রেগুলেশন স্কিলস রিডিউস প্রোকাস্টিনেশন (অর্থাৎ, গড়িমসি বা কাজ ফেলে রাখার প্রবণতা কাটিয়ে ওঠা: আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা বৃদ্ধি গড়িমসি কমায়) এটি খতিয়ে দেখা হয়েছে যে, অস্বস্তিকর আবেগগুলো সামলানোর সক্ষমতা বাড়ালে তা কাজ ফেলে রাখার প্রবণতা কমাতে সাহায্য করতে পারে কি না। মার্কাস একার্ট, ডেভিড এবার্ট, ডার্ক লেহর, বার্নহার্ড সিয়ল্যান্ড এবং ম্যাথিয়াস বার্কিং-এর নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় তিনটি আলাদা ধাপ ছিল। গবেষকরা আবেগ নিয়ন্ত্রণের দক্ষতার সঙ্গে কাজ ফেলে রাখার প্রবণতার সম্পর্ক খুঁজে বের করেন, সময়ের সাথে এই সক্ষমতাগুলো কীভাবে গড়িমসির সাথে সম্পর্কিত তা বিশ্লেষণ করেন এবং একটি র‍্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল (নিয়ন্ত্রিত পরীক্ষা) পরিচালনা করেন। 

তাদের গবেষণালব্ধ ফলাফল থেকে বোঝা যায় যে, মানুষকে অস্বস্তিকর আবেগ সহ্য করতে এবং সেগুলোকে পরিবর্তন করতে শেখালে তা কাজ ফেলে রাখার প্রবণতা কমাতে সাহায্য করতে পারে। এখন, কাজ ফেলে রাখার প্রবণতা কাটিয়ে ওঠার অর্থ সবসময় এমন নয় যে, আমাদের অনুপ্রেরণা আসা পর্যন্ত বা হঠাৎ করে খুব সুশৃঙ্খল হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বরং, কোনো কঠিন কাজ শুরু করার সময় যে অস্বস্তি তৈরি হয়, তার সাথে টিকে থাকতে শেখাও এর একটি অংশ হতে পারে। এই অস্বস্তিকর অনুভূতিগুলোকে আমাদের কাজ শুরু করার পথে বাধা হতে না দিয়ে, বরং সেগুলোর মধ্য দিয়েই কাজ চালিয়ে যাওয়ার মানসিক প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এর একটি উপায় হলো, প্রথম পদক্ষেপটিকে অনেক ছোট করে ফেলা। পুরো কাজ বা অ্যাসাইনমেন্টটি একবারে শেষ করার প্রত্যাশা না করে, আপনি কেবল নথিপত্র (ডকুমেন্ট) খোলা, নির্দেশাবলি পড়া অথবা প্রাথমিক কিছু চিন্তা লিখে রাখার মাধ্যমে কাজ শুরু করতে পারেন।

কোনো কাজকে ছোট ছোট ও সামলানোর উপযোগী অংশে ভাগ করে নিলে তা আর খুব কঠিন বা পাহাড়সম মনে হয় না, বরং কাজ শুরুর চাপ অনেকটাই কমে যায়।

নিজের প্রতি সদয় হোন

কাজ ফেলে রাখার প্রবণতাকে বোঝার একটি কার্যকর উপায় হতে পারে এটিকে কেবল কেউ কতটা দায়িত্বশীল বা পরিশ্রমী তার মাপকাঠি হিসেবে দেখা বন্ধ করা। কোনো কাজ সম্পন্ন করতে না পারার জন্য প্রতিনিয়ত নিজেকে দোষারোপ করলে, যে কাজটি এমনিতেই কঠিন মনে হচ্ছে, তার সাথে আরও এক স্তর নেতিবাচক আবেগ যুক্ত হয়। এতে কাজটি শুরু করা আরও কঠিন হয়ে পড়তে পারে। এর মানে এই নয় যে, দায়িত্ব পালনে দেরি করার কোনো নেতিবাচক পরিণতি নেই, অথবা আমাদের এই অভ্যাসটি কোনো পরিবর্তন ছাড়াই মেনে নেওয়া উচিত। বরং, কাজ ফেলে রাখার প্রবণতার পেছনের আবেগীয় দিকটি বুঝতে পারলে তা পরিবর্তনের জন্য একটি বাস্তবসম্মত সূচনা হতে পারে। নিজের আবেগ নিয়ে ডায়েরি লেখা, সারাদিন কেমন কাটল তা নিয়ে ভাবা, অথবা কোনো নির্দিষ্ট কাজ করার সময় কী ধরনের অনুভূতি তৈরি হচ্ছে তা লিখে রাখা- এগুলো বেশ সহায়ক হতে পারে। সবকিছু শুরু হয় নিজের আবেগগুলোকে স্বীকার করে নেওয়া এবং সেগুলো আমাদের কী অনুভব করাচ্ছে, তা মেনে নেওয়ার মাধ্যমে।

কাজ শুরু করার জন্য হয়তো সবসময় ‌‘আগামীকাল’কেই বেশি সুবিধাজনক মনে হতে পারে, তবে নিজেকে প্রশ্ন করুন- আজ কেন কাজ শুরু করার উপযুক্ত দিন নয়?