২৯ নভেম্বর, ২০২৬
শীত এলেই খেজুর গুড়ের পায়েসের প্রতি বাড়ে মানুষের আগ্রহ। সুগন্ধি চাল, দুধ ও খেজুরের গুড় দিয়ে সহজেই তৈরি করা যায় মজাদার এই পায়েস। অল্প কিছু উপকরণেই ঘরেই তৈরি করতে পারেন শীতের এই জনপ্রিয় খাবার।
যা যা লাগবে
- ১ লিটার দুধ
- ১০০ গ্রাম চিনিগুঁড়া চাল
- স্বাদ অনুযায়ী খেজুরের গুড়
- কিশমিশ ও বাদাম
- ২-৩টি এলাচ
যেভাবে তৈরি করবেন
১। প্রথমে চাল ১০ থেকে ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে দুধ ও এলাচ দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন।
দুধ গরম হলে চাল দিয়ে দিন। এবার অল্প আঁচে নাড়তে থাকুন। মিশ্রণ ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন।
২। এরপর দুধের সঙ্গে খেজুরের গুড় মিশিয়ে নিন। গরম দুধে সরাসরি গুড় দিলে দুধ ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। তাই চুলা বন্ধ করার পর গুড় মেশানো ভালো। গুড় পুরোপুরি গলে গেলে আবার মাঝারি আঁচে ৩ থেকে ৫ মিনিট রান্না করুন।
৩। সবশেষে বাদাম ও কিশমিশ মিশিয়ে পায়েস ঠাণ্ডা করতে ফ্রিজে ১ থেকে ২ ঘণ্টা রেখে দিন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন সুস্বাদু খেজুরের গুড়ের পায়েস। শীতের দিনে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারেন এই মিষ্টি খাবার।