রান্নার গ্যাস বাঁচানোর সহজ ৫ টোটকা

২১ নভেম্বর, ২০২৪

দ্রব্য মুল্যের দাম বৃদ্ধির জন্য খরচ বেড়েই চলেছে। আর আমরা কম-বেশি সবাই সংসারের খরচ কমাতে চাই। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে সম্ভব হয় না। বিশেষ করে রান্নার গ্যাস যেন মাস ফুরনোর আগেই ফুরিয়ে যাচ্ছে।

আবার রান্নার গ্যাসের দাম দিন দিন ঊর্ধ্বমুখী। তার মধ্যেই দ্রুত গ্যাস ফুরিয়ে গেলে পকেটে তো টান পড়বেই। তাই যারা দীর্ঘদিন ধরে সংসারের খরচ কমাতে চাচ্ছেন তাদের জন্য থাকছে কিছু টিপস।

রান্নার গ্যাস বাঁচানোর সহজ ৫ টোটকা

১. ফ্রিজে রাখা দুধ গরম করার ১-২ ঘণ্টা আগে বাইরে বার করে রেখে নিন। স্বাভাবিক তাপমাত্রায় এলে গরম করুন। আবার ফ্রিজে রাখা সবজি, মাছ-মাংসও রান্না করার ১-২ ঘণ্টা আগে বের করে রাখুন। স্বাভাবিক তারমাত্রায় আসার পরে রান্না করুন। তাহলেই দেখবেন গ্যাস সাশ্রয় হচ্ছে অনেকটাই।

২. বার্নার সাফ করুন নিয়মিত। হালকা গরম পানিতে ন্যাকড়া ভিজিয়ে ঘষতে পারেন বার্নার। তাতেও সমস্যা দূর না হলে ডাকতে হবে এ বিষয়ে দক্ষ কর্মীদের। বার্নার অপরিচ্ছন্ন থাকলে গ্যাস খরচও বাড়বে।

৩. যেকোনো পাত্রের ক্ষেত্রেই আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করলে অনেকটা গ্যাস বাঁচে। খুব বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে রান্না প্রেশার কুকারে করে নিতে পারেন।

৪. প্রতিটি পদ রান্নার আগে আলাদা ভাবে পানি ফোটাবেন না। একবারেই পানি ফুটিয়ে নিন। তারপর ফ্লাস্কে রেখে দিন। রান্নার সময়ে দিব্যি ব্যবহার করা যাবে সেই গরম পানি। এতে গ্যাস খরচও অনেক বাঁচবে। চায়ের পানি বা গরম পানি করতে হলে ইলেকট্রিক কেটলি ব্যবহার করুন।

৫. বাড়িতে মাইক্রোওয়েভ থাকলে খাবার গরম করার জন্য আর বাড়তি গ্যাস খরচ হবে না।