শীতকালে পুকুরের পানি থেকে ধোঁয়া ওঠে কেন?

০৫ জানুয়ারী, ২০২৫

হিম হিম শীতে কাঁপছে দেশবাসী। মাঘের নিম্ন তাপমাত্রা জানান দিচ্ছে শীতকালের। ভারী পোশাক পরে শীতের সঙ্গে লড়ছেন অনেকেই। শীত এলে সবচেয়ে বেশি কষ্ট হয় গোসল করতে। ঠান্ডা পানি গায়ে ঢালার কথা ভাবতেই যেন শরীর কেঁপে ওঠে। শহরের মানুষ হিটারের মাধ্যমে কিংবা চুলায় পানি গরম করে গোসল সারেন। গ্রামে অবশ্য তেমন উপায় নেই। সেখানে গোসল করার স্থান পুকুরই। 

খেয়াল করে দেখবেন শীতকালে পুকুর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। অনেকের মনে প্রশ্ন জাগে, এমনটা কেন হয়? এই ধোঁয়ার কারণ ই বা কী? আজ চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক- 

শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে। আর্দ্রতা কম থাকার মানে হলো জলীয় বাষ্প কম থাকা। ফলে খুব সহজেই বাতাস জলীয় বাষ্প গ্রহণ করতে পারে। অন্যদিকে পুকুরের পানি বাতাস থেকে সুপ্ত তাপ গ্রহণ করে সহজেই জলীয় বাষ্পে পরিণত হয়। 

যেহেতু বাতাসের বাষ্পচাপ পানির বাষ্পচাপের তুলনায় কম তাই অল্প পরিমাণে সুপ্ত তাপ পরিবেশ থেকে গ্রহণ করে জলীয় বাষ্পে পরিণত হতে পারে পুকুরের পানি। আর এই জলীয় বাষ্পই দেখতে ধোঁয়ার মতো দেখায়। 

সহজভাবে বলা যায় শীতকালে পরিবেশ ঠান্ডা থাকে। নদীর পানির তাপমাত্রা বাতাসের তাপমাত্রার তুলনায় বেশি থাকে। অর্থাৎ বাতাস বেশি ঠান্ডা থাকে। ফলে নদীর ওপরের দিকের ধোঁয়া ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসলে কিছুটা জমে পানি তথা জলীয় বাষ্পে পরিনত হয়। যা দেখতে ধোঁয়ার মতো লাগে। 

ফ্রিজের ক্ষেত্রেও একইভাবে তাপমাত্রার পার্থক্যের কারণে ফ্রিজ খুললে ধোঁয়া দেখা যায়।