২১ ফেব্রুয়ারি, ২০২৫
অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বার্তা সংস্থা পিটিআই।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে বর্ষীয়ান কংগ্রেস নেত্রীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
চিকিৎসকদের বরাতে হাসপাতাল সূত্র অবশ্য জানিয়েছে, কংগ্রেসের সাবেক সভানেত্রী এখন সম্পূর্ণ সুস্থ, যে কোনো সময় ছাড়া পেতে পারেন। যদিও এবারে ঠিক কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তা জানায়নি সূত্র। উল্লেখ্য, গত ডিসেম্বরেই ৭৮ বছর পূর্ণ করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বড় পুত্রবধূ।
এর আগে ২০১১ সালের আগস্টে ক্যানসারের চিকিৎসায় তার দেহে অস্ত্রোপচার হয়েছিল। তখন স্বাভাবিক কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। তারপর ২০২২ সালে দু’বার করোনা আক্রান্ত হন তিনি। প্রতিবারই হাসপাতালে ছিলেন তিনি।
সূত্র: পিটিআই, আনন্দবাজার পত্রিকা