কোটচাঁদপুরে পিকআপের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

২৭ ফেব্রুয়ারি, ২০২৫

ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপের ধাক্কায় দাউদ হোসেন নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলার তালেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দাউদ হোসেন কোটচাঁদপুরের রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে। তিনি এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দাউদ হোসেন কাজ শেষ করে কালিগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বিকেল তিনটার দিকে তালেশ্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় স্কুলশিক্ষকের প্রাণহানির তথ্য নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, পুলিশ পিকআপ চালককে ধরতে অভিযান শুরু করেছে।