০৫ ডিসেম্বর, ২০২০
খাদ্যবাহী রোগ বা ‘ফুড পয়জনিং’ ঘটে মূলত সংক্রমিত অথবা নষ্ট হওয়া খাবার বা পানীয় গ্রহণের পর তা হজম করতে না পারার কারণে। খাবার রান্না কিংবা প্রক্রিয়াজাত করার সময় কিংবা সংরক্ষণের ভুল থেকে তাতে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অন্যান্য ক্ষতিকর উপাদান সংক্রমণ ঘটায়। খাবার খাওয়ার পর এই জীবাণু পরে হজমতন্ত্রে প্রবেশ করে অন্ত্র ও পাকস্থলিতে প্রদাহ সৃষ্টি করে। যেকোনো মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়ার কারণেও খাদ্যে বিষক্রিয়া হতে পারে।
যেভাবে খাবার সংক্রমিত হয় : সব ধরনের খাবারেই জীবাণুর সংক্রমণ হতে পারে। তবে খাবার যখন রান্না করা হয় তখন এই রোগ সৃষ্টিকারী জীবাণু তাপে ধ্বংস হয়। তাই স্বাভাবিকভাবেই যেকোনো খাবার কাঁচা খাওয়ার ক্ষেত্রে খাদ্যে বিষক্রিয়া হওয়ার ঝুঁকি থাকে বেশি।
আবার রান্না করা খাবারও ঠাণ্ডা হলে তা খাওয়ার সময় আবার গরম না করলে কিংবা তা সঠিকভাবে সংরক্ষণ করা না হলে তা থেকে বিষক্রিয়ার শিকার হওয়া আশঙ্কা থাকে। তাই খাবার গরম খাওয়া এবং যেকোনো খাবারের সঠিক সংরক্ষণ পদ্ধতি জানতে হবে প্রতিটি মানুষের। অনেক সময় খাবার রান্না কিংবা পরিবেশনের সময় হাত পরিষ্কার না করার কারণেও সেই খাবার সংক্রমিত হতে পারে।
যেভাবে খাদ্যে বিষক্রিয়া সৃষ্টি হয় : বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী ও বিষাক্ত উপাদান খাবারে থাকতে পারে যা বিষক্রিয়া সৃষ্টি করতে সক্ষম। ‘এন্টামোয়িবা’ খাদ্যে বিষক্রিয়া সৃষ্টির দিক খেকে সবার চেয়ে এগিয়ে। এরপর আছে যথাক্রমে ‘ক্যাম্পাইলোব্যাকটার’, ‘সালমোনেলা’, ‘ই-কোলি’ ইত্যাদি ব্যাকটেরিয়া এবং ‘নোরোভাইরাস’। ‘এন্টামোয়িবা’ হলো এক কোষীয় ‘প্রোটোজোয়া’ যা খাবার ও পানীয় দুইয়ের সাথে মানবদেহে প্রবেশ করতে পারে।
মলের সাথে সরাসরি সংস্পর্শে এলে সেখানে থেকে তা শরীরে প্রবেশ করতে সক্ষম। ‘ক্যাম্পাইলোব্যাকটারয়ের দেখা মেলে পশুপাখির অন্ত্রে। সংক্রমিত পশুপাখির গোশত খাওয়ার মাধ্যমে মানুষ এই ব্যাকটেরিয়ার সংক্রমণের শিকার হয়। ‘সালমোনেলা’ ব্যাকটেরিয়া থাকে মুরগির গোশত, ডিম, শসা, তরমুজ, পেস্তা বাদাম ইত্যাদিতে।
‘ই-কোলি’য়ের সংক্রমণ ঘটে অপাস্তুরিত দুধ ও কাঁচা শাকসবজি গ্রহণের মাধ্যমে। পশু কিংবা মানুষের মলের মাধ্যমে সংক্রমিত পানির মাধ্যমেও ‘ই-কোলিয়ের সংক্রমণ হওয়া সম্ভব। এই জীবাণুর সংক্রমণ ক্ষমতা অত্যন্ত শক্তিশালী, এক মানুষ থেকে আরেক মানুষে ছড়িয়ে পড়তে পারে সহজেই।