☰
✕

শ্যাম্পু নিয়ে যত ভুল ধারণা!

০৯ নভেম্বর, ২০২৬

দামি শ্যাম্পু ব্যবহার করলেই চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে কিংবা কমদামি শ্যাম্পু ব্যবহারে চুল পড়া বাড়ে-এমন ধারণা রয়েছে অধিকাংশ মানুষের। সত্যিই কি তাই? শ্যাম্পু নিয়ে মানুষের প্রচলিত ভুল ধারণা ভেঙে দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, চুল পড়া বা নতুন চুল গজানোয় শ্যাম্পুর কোনো ভূমিকা নেই। এর কাজ শুধু চুল ও মাথার ত্বক পরিষ্কার করা। চলুন শ্যাম্পু নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো বিস্তারিত জেনে নিই-  

শ্যাম্পুর কাজ কী?

সাধারণ কসমেটিক শ্যাম্পুর কাজ  ত্বকে জমে থাকা তেল, ঘাম, ধুলাবালি ও মৃত কোষ দূর করা এবং চুলকে পরিষ্কার করা। সাধারণত  শ্যাম্পুর বোতলের মোড়কে এসএলইএস, এসএলএস, কোকামিডোপ্রোপাইল বেটেইন, ডাইমেথিকোন, প্রিজ়ারভেটিভ ও সুগন্ধি উপাদানের নাম উল্লেখ থাকে। এসব উপাদান চুল গজাতে কিংবা চুল পড়ার সমস্যা বাড়াতে পারে না।

সালফেট-ফ্রি শ্যাম্পুর বিশেষত্ব কী?

সালফেট-ফ্রি শ্যাম্পুতে সালফেট না থাকলেও অন্যান্য ক্লিনজিং এজেন্ট থাকে। তবে শ্যাম্পু সালফেট ফ্রি হোক বা সালফেটযুক্ত উভয়ের মূল উদ্দেশ্য চুল ও স্ক্যাল্প পরিষ্কার করা।

শ্যাম্পু ব্যবহারে চুল পড়ে?

অনেকেই মনে করেন শ্যাম্পু ব্যবহারের কারণে চুল পড়া বাড়ে। এটি সম্পূর্ণ ভুল একটি ধারণা। সাধারণত একজন মানুষের প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল পড়তে পারে। তবে শ্যাম্পু করলে এই সংখ্যা বেড়ে ১০০ থেকে ১৫০টিও হতে পারে। এটি স্বাভাবিক বিষয়। তাই এটি নিশ্চিত যে, শ্যাম্পু চুল পড়ার সমস্যা বাড়ায় না। হয়তো কারো এমনিতে চুল পড়ার সমস্যা আছে। তবে শ্যাম্পু করার সময় সেটি বেশি চোখে পড়ে। 

দামি শ্যাম্পু ব্যবহারে চুল পড়া কমে

একটি শ্যাম্পু কতটা দামি এরসঙ্গে সেটির গুণমানের বৈজ্ঞানিক কোনো সম্পর্ক নেই। কেননা, শ্যাম্পুর মূল কাজই চুল ও স্ক্যাল্প পরিষ্কার রাখা। সেটা দামি শ্যাম্পু হোক, কিংবা কম দামি।

হার্বাল শ্যাম্পু বেশি নিরাপদ

কোনোকিছু ভেষজ মানেই সেটি ভালো-এমন ভাবার কারণ নেই। কেননা, প্রাকৃতিক উপাদান থেকেও অ্যালার্জির মতো সমস্যা বা অস্বস্তি হতে পারে বলে জানান চিকিৎসকরা। এসব সমস্যার কারণেও চুল পড়া বাড়তে পারে।

বিশেষ শ্যাম্পু ব্যবহারে চুল ঘন, কালো ও লম্বা হয়

শ্যাম্পু ব্যবহারে চুল সাময়িকভাবে মসৃণ ও ঘন দেখাতে পারে। তবে শ্যাম্পুর কারণে চুলের বৃদ্ধিতে কোনো প্রভাব পড়ে না বলে জানান চিকিৎসকরা।

চুল পড়লে শ্যাম্পু পাল্টাতে হবে

জেনেটিক্স, হরমোন, থাইরয়েড বা পুষ্টির অভাবজনিত সমস্যার কারণে চুল পড়তে পারে। এ ধরণের সমস্যা থাকলে আগে সেটি সমাধানে গুরুত্ব দিতে হবে। শুধু শুধু শ্যাম্পু পাল্টে লাভ নেই।

মেডিকেটেড শ্যাম্পু ইচ্ছেমতো ব্যবহার করা যায়?

যেসব শ্যাম্পুতে কিটোকোনাজল, সিক্লোপিরক্স বা সেলেনিয়াম সালফাইড থাকে সেগুলো সাধারণ শ্যাম্পু থেকে আলাদা। খুশকি, সেবোরিক ডার্মাটাইটিসের মতো স্ক্যাল্পের কিছু রোগের চিকিৎসায় এই শ্যাম্প ব্যবহার করা হয়। এসব শ্যাম্পু সাধারণ মানুষের ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

নিজের জন্য কেমন শ্যাম্পু বেছে নেবেন?

বাজারে এত এত শ্যাম্পুর ভীড়ে নিজের জন্য একটি শ্যাম্পু পছন্দ করা সত্যিই কঠিন। অনেকেই চটকদার বিজ্ঞাপন দেখে, শ্যাম্পুর মোড়কে নানাবিদ উপাদানের নাম পড়ে দ্বিধায় পড়ে যান। শ্যাম্পু বাছাইয়ের ক্ষেত্রে নিজের পছন্দকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কেননা, অধিকাংশ শ্যাম্পুর উপাদান প্রায় একই থাকে।

তাই শ্যাম্পু নেওয়ার সময় আপনার পছন্দের গন্ধ, রং ও ফেনাকে গুরুত্ব দিন। 

সপ্তাহে কতবার শ্যাম্পু ব্যবহার করবেন?

সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। তবে ত্বকে ঘাম বেশি হলে বা নিয়মিত বাইরে যেতে হলে প্রতিদিন শ্যাম্পু করাতেও  অসুবিধা নেই।

এএ